২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে শান্তি নেই: চুক্তির ৮ম বছরে সরকার-জনসংহতি মুখোমুখি

আট বছর আগে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর হওয়ার পরও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হয়নি। চুক্তি বাস্তবায়নের প্রশ্নে সরকার পক্ষ ও শান্তিচুক্তি স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এখন মুখোমুখি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 04:07 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

জনসংহতি সমিতির অভিযোগ, আট বছরে শান্তিচুক্তির মৌলিক শর্তসমূহ বাস্তবায়িত হয়নি। এ সরকারের আমলে শান্তিচুক্তি বাস্তবায়ন সম্পূর্ণ বন্ধ রয়েছে। উপরন্তু জোট সরকার চুক্তিবিরোধী কার্যকলাপ করেই চলেছে।

অন্যদিকে সরকার পক্ষ বলছে, শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ রয়েছে, এ কথা ঠিক নয়। চুক্তি বাস্তবায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে যথাযথভাবে চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন দরকার।

জনসংহতি সমিতির মুখপাত্র মঙ্গল কুমার চাকমা বিডিনিউজকে জানান, জোট সরকার চুক্তিবিরোধী যে সব কার্যকলাপ করছে, তার মধ্যে রয়েছে-- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী নিয়োগ না করে এই মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে রাখা, পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে একজন অপাহাড়ি বাঙালিকে নিয়োগ দান এবং বোর্ডটিকে আঞ্চলিক পরিষদের অধীন না করা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটি কার্যকর না করা,  চুক্তি বাস্তবায়ন কমিটি না করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা -- ইত্যাদি।

তিনি জানান, এ ছাড়া সরকারের চুক্তিবিরোধী অন্যান্য কার্যকলাপের মধ্যে রয়েছে-- পাহাড়ে ‘অপারেশন উত্তরণের’  সেনাশাসন অব্যহত রাখা, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়া, প্রশাসনের সহায়তায় পাহাড়ে বহিরাগত বাঙালিদের বসতি স্থাপন, নিরাপত্তাবাহিনী ও প্রশাসনিক মদদে সমঅধিকার আন্দোলনের নামে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো, চুক্তিবিরোধী প্রতিবন্ধকতা সৃষ্টি করতে নিরাপত্তাবাহিনী, চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও বাঙালি অভিবাসীদের দিয়ে জনসংহতি সমিতির রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করা-- ইত্যাদি ।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিডিনিউজকে বলেন, পার্বত্য সমস্যা একটি রাজনৈতিক ও জাতীয় সমস্যা। শান্তিচুক্তির আলোকে এ সমস্যার সমাধান তথা  যথাযথভাবে চুক্তিবাস্তবায়নের জন্যে রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন দরকার।

তিনি বলেন, আমার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি নিজেই পাহাড়ে রাজনৈতিক সংস্কৃতিতে একটা অনুকূল পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছি। আমরা সকলে যেনো পার্বত্য সমস্যা সমাধানে একটা নূন্যতম জাতীয় মতৈক্যে পৌঁছতে পারি, সে জন্যেই এ উদ্যোগ।

তিনি আরো বলেন, জোট সরকারের উদ্দেশ্য, পার্বত্য সমস্যা সমাধান করে দাতাগোষ্ঠির সহায়তায় পাহাড়ে দারিদ্র্য বিমোচন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, অবকাঠামোসহ সাবির্ক উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা।