শহীদ ডা. মিলন দিবস পালিত হচ্ছে
পঞ্চদশ শহীদ ডা. মিলন দিবস রোববার সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
এ উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সড়ক দ্বীপের মিলন চত্বরে ডা. মিলনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ ডা.শামসুল আলম খান মিলনের পরিবারের পক্ষ থেকে তার মা বেগম সেলিনা আক্তার পুষ্পস্তবক অর্পণ করেছেন।
১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলন চলাকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চারিত হয়। এরই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণকারীদের মধ্যে রয়েছেন-- আওয়ামী লীগের পক্ষ থেকে তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির পক্ষে রাশেদ খান মেনন, গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন, বিএনপির আমানুল্লাহ আমান, ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু, জাতীয় ছাত্রধারা, ছাত্রমৈত্রী, শহীদ ডা. মিলন সংসদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগঠন, বিএমএসহ বিভিন্ন সংগঠনের নেত্রবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিকেলে ডা. মিলনের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
