গণমাধ্যম নিয়ন্ত্রণে আইন প্রণয়ন উদ্যোগের নিন্দা জানিয়েছে বিএফইউজে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং এর অঙ্গ ইউনিয়নের নেতারা সাংবাদিক ও গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য প্রেস কাউন্সিলকে ব্যবহার করে আইন প্রণয়নের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে।
নেতারা শনিবার এক বিবৃতিতে বলেন, সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা ছাড়া কোনও আইন এদেশের সাংবাদিক সমাজ মেনে নেবে না।
তারা বলেন, জীবন দিয়ে, নির্যাতন সহ্য করে এদেশের সাংবাদিকরা যতটুকু পেশাগত স্বাধীনতা অর্জন করেছে কোনও কুচক্রী মহলের চক্রান্তে তারা তা নস্যাৎ হতে দেবে না।
নেতারা বলেন, আমরা একটি কার্যকর ও মর্যাদা সম্পন্ন প্রেস কাউন্সিল দেখতে চাই। কিন্তু দুঃখজনকভাবে সত্যি হল, রাজনৈতিক মতলবের কারণে এ মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠানটি সরকারের তোষামোদকারীদের পুরস্কৃত করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
জোট সরকারের আমলে প্রায় তিন বছর প্রেস কাউন্সিল পরিচালিত হয় সরকার দলীয় এক সাংসদের তত্ত্বাবধানে। পরবর্তীতে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন এবং দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সরকারের ভাষায় দেশের ভাবমূর্তি বিনষ্ট হয় এ খবর না লিখতে সাংবাদিকদের উপদেশ দিয়ে বিতর্কিত হয়ে পড়েন। তিনি তথ্য মন্ত্রণালয়ে প্রেস কাউন্সিল আইন সংশোধন করে নতুন আইন করার প্রস্তাব পাঠিয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি স্বাধীন প্রতিষ্ঠানের প্রধান তথ্য মন্ত্রালয়ের একজন কর্মচারীর ভূমিকা পালন করছে।
তারা বলেন, সরকার, মন্ত্রণালয় বা দলবাজদের নিয়ন্ত্রণে পরিচালিত প্রেস কাউন্সিল কারও জন্যই ভালো ফল বয়ে আনবে না।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন, বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক শাহ আলমগীর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ ও সাধারণ সম্পাদক শহীদ উল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন পিন্টু ও সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান খান ও সাধারণ সম্পাদক জামিলুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক মইনুল হক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বরূপ কুমার বকশী ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মনা এবং ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী ইয়াসিন ও সাধারণ সম্পাদক আতাউল করিম।
