’৭০ সাল থেকে সংসদে আছি, এমন নির্লজ্জ স্পিকার আর দেখিনি: অ্যাডভোকেট আবদুল হামিদ
বিরোধীদলীয় উপনেতা অ্যাডভোকেট আবদুল হামিদ বলেছেন, ’৭০ সাল থেকে সংসদে আছি, তার আগের প্রসিডিংস দেখেছি, কিন্তু এমন নির্লজ্জ স্পিকার আর দেখিনি। নিরপেক্ষ চেয়ারে বসে মন্ত্রী ও সরকারদলীয় সাংসদদের বক্তব্যের রেশ ধরে সাংবাদিকদের সম্পর্কে তিনি এমন নগ্নভাবে বক্তব্য রাখতে পারেন না।
জাতীয় সংসদে তার কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় আওয়ামী লীগের সাংসদ আতিকুর রহমান আতিকও উপস্থিত ছিলেন।
সাবেক স্পিকার ও বর্তমানে বিরোধী দলীয় উপনেতা বলেন, সংসদে যাদের প্রতিনিধি নেই কিংবা যারা সংসদে বক্তব্য রাখতে পারেন না, কার্যপ্রণালী বিধি অনুযায়ী তাদের সম্পর্কে সংসদে কোনও বক্তব্য রাখার সুযোগ নেই। সাংবাদিকদের তারা বিরোধী দলের মতো প্রতিপক্ষ ও শত্র“ মনে করে। কারণ সাংবাদিকদের মাধ্যমেই দেশের মানুষ তাদের লুটপাট ও অপকর্মগুলো জানতে পারে। সাংবাদিকদের কারণেই তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে।
অ্যাডভোকেট আবদুল হামিদ বলেন, স্পিকার চলতি অধিবেশনের প্রথম দিন থেকেই কার্যপ্রণালী বিধি লংঘন করে সংসদ চালিয়েছেন। তিনি বিধি লংঘন করে নিরপেক্ষ চেয়ারে বসে সাংবাদিকদের গালিগালাজ করেছেন।
তিনি বলেন, দেশের মানুষ চায়, আমরা সংসদে ফিরে যাই। সেখানে তাদের জন্যে কথা বলি। আমরা কথা বলতে না পারলে দেশের জনগণও হতাশ হয়। দেশের মানুষের জন্যে কথা বলতেই সংসদে ফিরতে চাই। স্পিকারও প্রত্যেক অধিবেশনের আগে সংসদে ফিরে যাওয়ার জন্যে আমাদের ‘লোক দেখানো’ আহ্বান করে থাকেন। কিন্তু তিনি এজন্যে কার্যকর কোনও ব্যবস্থা নিতে পারেননি।
তিনি আওয়ামী লীগের মহাসমাবেশ ও পরিবহন ধর্মঘট সম্পর্কে যোগাযোগ মন্ত্রীর বক্তব্যকে বেহায়া ও নির্লজ্জ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ওই বক্তব্যের মাধ্যমে সরকার একটি নাটকের অবতারণা করেছে। নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু জনগণ এতো বোকা নয়।
তিনি বলেন, সরকারের বাধা সত্ত্বেও মানুষ এবার এগিয়ে এসেছে। মানুষ এখন আন্দোলনের দিকে এগিয়ে আসছে। তবে এখনও জনমনে ভয়ভীতি রয়েছে।
বিরোধী দলীয় উপনেতা বলেন, আমাদের দাবি মানলে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন হবে। না হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি করা হবে।
