১৪ দলের দেশব্যাপী হরতাল চলছে
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আহুত বৃহস্পতিবার সারা দেশব্যাপী হরতাল পালিত হচ্ছে। ইতোমধ্যে রাজধানীতে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে হরতালের ছয় ঘণ্টা অতিবাহিত হয়েছে।
সকাল ছয়টা থেকে এ হরতাল শুরু হয়। ‘ব্যর্থ সরকারের পতন হোক’ এ শ্লোগান দিয়ে বিরোধী দল রাজধানীর রাস্তায় মিছিল বের করে।
হরতাল চলাকালে দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়। রাস্তায় যানবাহন চলাচলও কম ছিল। অফিস-আদালতেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম পরিলক্ষিত হয়।
এদিকে বৃহস্পতিবার থেকে বিরোধী দলের সমর্থক পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে রাজধানীর সাথে দেশের বিভিন্ন অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ধর্মঘটের কারণে বর্ধিত ছুটি উপভোগ করতে অনেকেই পরিবহন ধর্মঘটের পূর্বে শহর ত্যাগ করেছেন।
২২ নভেম্বর পল্টনের মহাসমাবেশে আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতাকর্মীদের বাধা দেওয়া এবং গ্রেপ্তারের কারণে বিরোধী দল এ হরতাল আহ্বান করে।
