২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সংকট নিরসনে ২৩ দফা একটি ‘ম্যাগনা কার্টা: ড. কামাল

গণফোরাম সভাপতি ও ১৪ দলীয় জোট নেতা ড. কামাল হোসেন বলেছেন, মঙ্গলবারের মহাসমাবেশ থেকে যে ২৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা বর্তমান সংকট নিরসনের ক্ষেত্রে একটি ‘ম্যাগনা কার্টা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

দলীয় কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত গণফোরাম কেন্দ্রীয় কমিটির এক সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে অসুস্থ ধারার পরিবর্তে সুস্থ ধারা ফিরিয়ে আনতে এটি একটি মহান উদ্যোগ।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ, দুর্নীতি ও স্বৈরশাসন মোকাবেলার ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় এই ২৩ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ড. কামাল হোসেন বলেন, সাধারণ জনগণের পক্ষে কথা বলা এবং কাজ করার জন্যে জাতীয় সংসদে সৎ ও যোগ্য প্রতিনিধি পাঠাতে হবে। এজন্যে মাফিয়া ও কালো টাকামুক্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করতে হবে।

সরকারের সকল বাধা অতিক্রম করে ১৪ দলের মহাসমাবেশ সফল করার জন্যে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আবারো এটি প্রমাণিত হয়েছে, ঐক্যবদ্ধ জনগণকে কখনও পরাজিত করা যায় না।

জোট সরকারকে ব্যর্থ উল্লেখ করে গণফোরাম সভাপতি ২৩ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের  মাধ্যমে বিএনপি--জামাত জোট সরকারকে হঠাতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে সাইফুদ্দিন আহমেদ মানিক, পঙ্কজ ভট্টাচার্য, ড. আবদুল হাকিম, মফিজুল ইসলাম খান কামাল, মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট ছগির আনোয়ার, অ্যাডভোকেট এওএম শফিক উল্লাহ, অ্যাডভোকেট জানে আলম, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক এবং অ্যাডভোকেট সুরাইয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন।