দুর্নীতি পরায়ণ ও ব্যর্থ সরকারকে ক্ষমতাচ্যুত করুন : ১৪ দলের নেতৃবৃন্দ
১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ মঙ্গলবার পল্টন ময়দানের মহাসমাবেশে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশ পরিচালনায় ব্যর্থ, দুর্নীতিবাজ, জনগণের সম্পদ লুন্ঠনকারী ও স্বজনপ্রীতির দোষে দুষ্ট জোট সরকারকে হঠাতে হবে।
এ ছাড়াও তারা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার সংক্রান্ত বিরোধী দলের প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান।
ওয়াকার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেন, ডিসেম্বর থেকে সরকারের পতন শুরু হবে এবং তিনি ১৪ দলের ঘোষিত অভিন্ন ন্যূনতম জাতীয় কর্মসূচির ভিত্তিতে গণআন্দোলন গড়ে তোলার জন্যে জনগণের প্রতি আহ্বান জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ছাড়া কোনও সাধারণ নির্বাচন হতে দেয়া হবে না।
এছাড়াও তিনি অপরাধের সঙ্গে জড়িত থাকায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে বিএনপি’র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও জোট সরকারের অংশীদার নিজামী এবং আমিনীর বিচারের দাবি জানান।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি উত্তরাঞ্চলের মঙ্গা পিড়িত জনগণের প্রতি ত্রাণ সাহায্যের ব্যাপারে উদাসিন থেকে সার্ক সম্মেলনের সময় রাজধানীর সাজ-সজ্জায় ব্যস্ত থাকায় সরকারের সমালোচনা করেন।
এছাড়াও তিনি প্রধান নির্বাচন কমিশনার ও পরবর্তী তত্ত্ববধায়ক সরকারের সম্ভাব্য প্রধানকে দলীয় লোক হিসেবে উল্লেখ করে রাজ্জাক বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন কমিশন ও তত্ত্ববধায়ক সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর জোর দেন।
আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ দেশকে দুর্নীতিতে নিমজ্জিত করায় জিয়া পরিবারের কঠোর সমালোচনা করেন।
অন্যদিকে সুরঞ্জিত সেন গুপ্ত সাংবাদিক হত্যাসহ নির্যাতনের জন্যে জোট সরকারের কঠোর সমালোচনা করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, সাম্যবাদী দলের দীলিপ বড়–য়া, গণফোরামের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ মানিক, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, গণ আজাদী লীগের আলহাজ্ব আব্দুস সালাম, ন্যাপের বেগম আমেনা আহমেদ এবং কমিউনিষ্ট কেন্দ্রের ড. অতিশবরণ রায় বক্তব্য রাখেন।
