বিভিন্ন স্থানে ১৪ দলের সমর্থকদের ওপর পুলিশ ও বিএনপি ক্যাডারদের হামলা
বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার পল্টন ময়দানে ১৪ দলের মহাসমাবেশে যোগ দিতে আসা বিরোধী দলের কর্মী-- সমর্থকদের ওপর পুলিশ ও বিএনপি ক্যাডাররা হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় তিনশ’ জন আহত হয়েছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ৩টা ৫৫ মিনিটে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় সাংবাদিক, মহিলা ও পুলিশসহ প্রায় ৫০জন আহত হয়।
আহতের মধ্যে রয়েছেন চ্যানেল আই-এর রিপোর্টার মাহবুব মতিন ও ক্যামেরাম্যান জাহিদ সিদ্দিকি। মাহবুব মতিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমনা ও ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বাবুল ও মাহবুবুর রহমানের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
পুলিশি হামলায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টন ময়দানে যাওয়ার পথে পুলিশ কোন কারণ ছাড়াই মিছিলকারীদের চড়াও হয়। এসময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষুব্ধ নেতাকর্মীরাও পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। গোটা এলাকা এসময় রণক্ষেত্রে পরিণত হয়।
সরকার শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠানের জন্যে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা বললেও রাজধানীর বিভিন্ন স্থানে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে ক্ষমতাসীন বিএনপি দলীয় ক্যাডাররা বিরোধী দলের নেতাকর্মীদের লাঞ্ছিত করে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের ব্যানার, প¬্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে পায়ে হেঁটে সরকারবিরোধী বিভিন্ন শে¬াগান দিয়ে পল্টন ময়দানের দিকে যেতে দেখা যায়।
মহাসমাবেশে মানুষের উপস্থিতি বাধাগ্রস্ত করতে পুলিশের নেতৃত্বে কেরাণীগঞ্জ থানা পুলিশ সকল প্রকার নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সদরঘাটেও ঢাকার বাইরে থেকে কোনও প্রকার নৌযান আসতে দেওয়া হয়নি।
কেরাণীগঞ্জবাসী জানান, নৌযানে করে যাতে লোকজন না আসতে পারে, সেজন্যে পুলিশ বুড়িগঙ্গা নদীদে টহল দিয়ে বেড়িয়েছে।
এছাড়া বরোধী দলের সমর্থকরা বুড়িগঙ্গা সেতু দিয়ে পায়ে হেঁটে পল্টন ময়দানের দিকে আসার পথে পুলিশ তাদের বাধা দেয়।
লালবাগে সমাবেশে যোগদানের জন্যে নেতাকর্মীরা সমবেত হতে থাকলে যুবদল ক্যাডাররা তাদের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে লালাবাগ এলাকার এমপি নাসির উদ্দিন পিন্টু নিজেই তার বডিগার্ডের হাত থেকে শটগান নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর করেন। এ সকল ঘটনায় পুরোনো ঢাকায় প্রায় দু’শ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হন।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমান মজু, লালবাগ থানা যুবলীগ সভাপতি সাঈদ হাসান মিন্টু, মহানগর দক্ষিণ যুবদলের সহসভাপতি রফিক, ৬০ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি সেন্টু, স্বপন, জুয়েল ও লালবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডিঙ্গি বাবুর নেতৃত্বে বিএনপি ক্যাডাররা চারদিক থেকে মিছিলকারীদের ওপর হামলা চালায়।
এছাড়া পুলিশ ওই স্থান থেকে প্রায় ৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেন।
বিডিনিউজ কেরাণীগঞ্জ প্রতিনিধি জানান, কেরাণীগঞ্জে বিএনপি ক্যাডারদের পৃথক হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আনিসুল, রুহুল আমিন, আতাউল, জাকির, সুমন এবং সজিব নামের এক শিশুকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, ক্ষমতাসীন বিএনপির অস্ত্রধারী ক্যাডাররা শুভাড্ড্যা, নবাবগঞ্জ, দোহার এবং কেরাণীগঞ্জে আওয়ামী লীগের মিছিলে হামলা চালায়।
মানিকগঞ্জে পুলিশ ১৪ দলের নেতাকর্মীদের ঢাকায় আসতে বাধা দিয়েছে। টাঙ্গাইল থেকেও ১৪ দলের কোনও নেতাকর্মীকে ঢাকায় আসতে দেওয়া হয়নি।
সমাবেশে আসতে বাধা দেওয়ায় বিএনপি সমর্থিত পরিবহন শ্রমিকরা সোমবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
আর এ কারণে সারা দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়।
বিডিনিউজ পঞ্চগড় প্রতিনিধি জানান, আকস্মিক পরিবহন ধর্মঘট ও পুলিশের বাধার মুখে পঞ্চগড়ের আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিতে পারেননি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজাহারুল হক প্রধান পুলিশি বাধার নিন্দা জানিয়েছেন।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, পরিবহন ধর্মঘটের কারণে ঢাকার পল্টনের মহাসমাবেশে যোগ দিতে না পারা নীলফামারীর শত শত আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মী মিছিল--সমাবেশ করে সরকারের হীন চক্রান্তের প্রতিবাদ জানিয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, অন্যায়--দুর্নীতি-দুঃশাসনের কারণে নৈতিক সাহস হরিয়ে ফেলা সরকার বিরোধী দলের সমাবেশকে ভয় করছে। তারা বলেন, সরকারের এই হীন ষড়যন্ত্রের কারণে নীলফামারী জেলার অন্তত ২০ হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিতে পারেনি। বিকেল ৩টায় স্থানীয় স্বাধীনতা অ¤¬ান স্মৃতিস্তম্ভের পাদদেশে জেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট জোনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নীলফামারী পৌরসভা চেয়ারম্যান দেওয়ান কামাল আহমেদ, আ.লীগ নেতা মমতাজুল হক, মুশফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্রনাথ বর্দ্ধণ বাপী, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মাজেদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ বক্তৃতা করেন।
বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, পথে পথে পুলিশি বাধার কারণে পাবনার হাজার হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিতে পারেননি।
পাবনার গণফেরাম সাধারণ সম্পাদক রনেশ মৈত্র বিডিনিউজকে বলেন, ৫০টি বাসে করে তারা মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে টাঙ্গাইলের এলেঙ্গায় পুলিশ তাদের বাধা দেয়। এর প্রতিবাদে তারা তাৎক্ষণিকভাবে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপিসমর্থিত পরিবহন শ্রমিকরা ঢাকা--আরিচা মহাসড়কে গাড়ি ভাংচুর করেছে।
বিডিনিউজ গেপালগঞ্জ প্রতিনিধি জানান, পুলিশি বাধার কারণে গোপালগঞ্জের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিতে পারেননি। পরে তারা পুলিশি বাধার প্রতিবাদ করেন।
বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, পরিবহন ধর্মঘট ডাক দিয়ে মহাসমাবেশে যাওয়ার পথে বাধা সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে এক প্রতিবাদ সভা পণ্ড করে দিয়েছে বিএনপি ক্যাডাররা। বিএনপি ক্যাডাররা আওয়ামী লীগের মঞ্চ ভাংচুর করে। এসময় আওয়ামী লীগের পাঁচ জন নেতাকর্মী আহত হয়।
