সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা আজ হত্যাসহ নির্মম নির্যাতনের শিকার: ঢাবি সাংবাদিকতা বিভাগ
সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের আজ হত্যাসহ নির্মম নির্যাতনের শিকার হচ্ছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় গনযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অভিযোগ করেছেন। ফরিদপুরে নিহত নির্ভীক, সাহসী সাংবাদিক গৌতম দাসের স্মরণে আয়োজিত এক শোক র্যালিতে বক্তারা এ কথা বলেন।
গৌতম দাসের স্মরণে ঢাবি গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বেলা ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি র্যালি বের করে। র্যালিটি টিএসসি, মধুর কেন্টিন, লেকচার থিয়েটার প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় একটি সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে গৌতম দাসকে প্রাণ দিতে হয়েছে। তারা বলেন, দেশের মন্ত্রীও যখন সাংবাদিক নির্যাতন করেন, তখন দেশ কোন অবস্থায় আছে, তা বোঝা যায়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক শেখ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এপির ঢাকা ব্যুরো চিফ ফরিদ আহমেদ প্রমুখ।
