জঙ্গি তৎপরতায় জড়িত ক্ষমতাসীন জোট নেতাকর্মীদের চিহ্নিত করতে হবে: মিনুর বক্তব্য প্রত্যাখ্যান করে বাদশা
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা জঙ্গি তৎপরতা সম্পর্কে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিনুর বক্তব্য প্রত্যাখ্যান করে সন্ত্রাস ও বোমবাজির সাথে জড়িত জোটভুক্ত নেতাকর্মীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
এছাড়া তিনি ড. কামাল হোসেনের অভিমত সমর্থন করে জঙ্গি তৎপরতা সম্পর্কে আবু হেনার বক্তব্য এজাহার হিসেবে গ্রহণের দাবি জানান।
সোমবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। তিনি বলেন, জঙ্গি প্রসঙ্গে বক্তব্য দিয়ে তিনি নিজের দায় দায়িত্ব এড়াতে এবং সত্যকে আড়াল করতে চেয়েছেন। বিবৃতিতে তিনি জঙ্গিসহ সংশ্লিষ্ট বিষয়সমূহ আলোচনা করতে অবিলম্বে জেলা আইন শৃংখলা কমিটির সভা আহ্বান করার দাবি জানান।
রাজশাহীর মেয়র এবং সরকার দলীয় সাংসদ মিজানুর রহমান মিনু শনিবার এক বক্তব্যে বলেছিলেন, জঙ্গিদের উত্থানের বিষয়টি আমরা শুরুতে বুঝতে পারিনি, তাই বিষয়টি আমরা হালকাভাবে নিয়েছিলাম।
পরে রোববার এক ব্যাখ্যায় তিনি বলেন, বক্তব্যে আমরা বলতে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে বুঝিয়েছেন।
