সরকারপন্থীরা প্রত্যাহার না করলে বুধবার থেকে বিরোধী দলের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সোমবারের মধ্যে সরকার সমর্থিতদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা না হলে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বিরোধী দলের শ্রমিক সংগঠনগুলো।
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র বিডিনিউজকে এ তথ্য জানিয়ে বলেন, মহাসমাবেশ বানচালের অসৎ উদ্দেশে পরিবহনের মতো স্পর্শকাতর সেক্টর নিয়ে সরকার যে খেলা শুরু করেছে তার পরিণাম হবে ভয়াবহ। তিনি বলেন,
সোমবার রাতের মধ্যে ধর্মঘট প্রত্যাহার করা না হলে শ্রমিক লীগ ২৩ নভেম্বর বুধবার থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু করবে। আর এর জন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
তিনি জানান, সরকার দলীয়দের ডাকা ধর্মঘটের বাইরে থাকায় সারা দেশে ট্রাক চলছে। তাই বিকল্প হিসেবে প্রয়োজনে ট্রাকে করে মানুষ ঢাকায় এসে মহাসমাবেশে যোগ দেবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও আওয়ামী লীগ দলীয় এমপি শাহজাহান খান বিডিনিউজকে বলেন, ২২ নভেম্বরের মহাসমাবেশকে বানচাল করতেই কেন্দ্রীয় কমিটির কোন সিদ্ধান্ত ছাড়াই ধর্মঘট ডাকা হয়েছে।
তিনি বলেন, মহাসমাবেশে অংশ নিতে লোকজন যাতে ঢাকায় আসতে না পারে, সে লক্ষ্যেই পাতানো খেলার অংশ হিসেবে পরিবহন শ্রমিক নেতা মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে শ্র্র্রমিকদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
