সংসদ অধিবেশন: প্রথমবারের মতো সংরক্ষিত আসনের ৯ নারী সাংসদের যোগদান, ৬ জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক
জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রথমবারেরর মতো যোগ দিয়েছেন সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের জন্যে নির্ধারিত এবং পরে শূন্য ঘোষিত নয় আসনের বিপরীতে বিএনপি থেকে নির্বাচিত নয়জন নারী সাংসদ।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই রোববার বিকেল সাড়ে ৪টায় সংসদের এ অধিবেশন শুরু হয়।
অধিবেশন শুরুর পর ছয়জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তারা হলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি কেআর নারায়ণান, মন্ত্রিপরিষদের সাবেক উদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক এনায়েতুল্লাহ খান, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য রিয়াজুল ইসলাম, ঝালকাঠিতে বোমা হামলায় নিহত সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে এবং ফরিদপুরে নিহত দৈনিক সমকালের ব্যুরো প্রধান গৌতম দাস।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্যে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়। নির্বাচিত সদস্যরা হলেন, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, জয়নাল আবেদিন ফারুক, শাহ রুহুল কুদ্দুস, জিএম ফজলুল হক এবং ফারুক খান।
চলতি অধিবেশনে পাশের জন্যে চারটি বিল সংসদে উপস্থাপন করা হবে। এগুলো হচ্ছে, বিদ্যুৎ (সংশোধন) বিল, ২০০৫, ভবন নির্মাণ (সংশোধন) বিল, ২০০৫, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য (চাকরির চুক্তি ও শর্ত) বিল, ২০০৫ এবং দেওয়ানি মামলার নীতিমালা (সংশোধন) বিল, ২০০৫।
এদিকে অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে কার্য--উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ অধিবেশনের স্থায়ীত্বকাল পাঁচদিন নির্ধারণ করা হয়। ২৪ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে।
কমিটির সভাপতি স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমরায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, অলি আহমদ, চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী, কেএম ওবায়দুর রহমান এবং রওশন এরশাদ এ বৈঠকে অংশ নেন।
সংসদের নিয়মিত অধিবেশন মুলতবি রেখে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে আলোচনার দাবির প্রতি কার্য-উপদেষ্টা কমিটি সাড়া না দেওয়ায় আওয়ামী লীগ ১৫তম অধিবেশন থেকে সংসদ বর্জন করে চলেছে।
