কিছু প্রশাসনিক কর্মকর্তার কারণেই জাগ্রত মুসলিম জনতা সুযোগ পেয়েছে: সাংসদ নাদিম মোস্তফা
রাজশাহী-৪ আসনের সরকারদলীয় সাংসদ নাদিম মোস্তফা বলেছেন, কিছু অতি উৎসাহী ও উচ্চাভিলাষী প্রশাসনিক কর্মকর্তার কারণেই জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) সুযোগ পেয়েছে।
রোববার সকালে রাজশাহী মহানগরীতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকার নয়, বিগত সরকারের আমলেই জঙ্গিদের উত্থান ঘটেছে। সেই সময় যদি তাদের কঠোর হাতে দমন করা হতো তাহলে আজকের জঙ্গিদের জন্ম হতো না।
সম্প্রতি সাংসদ আবু হেনা ও রাজশাহী সিটি মেয়র সাংসদ মিজানুর রহমান মিনুর দেয়া বক্তব্য প্রসঙ্গে নাদিম মোস্তফা বলেন, ‘সরকারের দায়িত্বে থাকা অবস্থায় এবং একটি দলের প্রতীক নিয়ে নির্বাচিত হবার পর সে দলের উচ্চ মহলের নির্দেশ ছাড়া গঠনতন্ত্র ও নীতি বহির্ভুত কোনো বক্তব্য দেয়ার বিধান আছে কি না আমার জানা নেই। তবে আমি তাদের বক্তব্যের সঙ্গে একমত নই। হাইকমান্ডের নির্দেশ ছাড়া এ ব্যাপারে আমি কোনো বক্তব্য দিতে পারি না।’
আবু হেনার বক্তব্যের ব্যাপারে নাদিম মোস্তফা বলেন: আবু হেনার আসন বাগমারা - মোহনপুরে সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজির জন্ম গত চার বছরে হয়নি। এটা সম্ভবতঃ ১৯৬৬ - ৬৭ সালের দিকে শুরু হয়েছে। দেশ স্বাধীন হবার আগে এখানে সর্বহারারা সুসংগঠিত হয়েছিলো। এদের অত্যাচারে ২০০৩ সাল পর্যন্ত এই অঞ্চলে অনেক মানুষ মারা গেছে। প্রথম থেকেই তৎকালীন প্রশাসন যদি এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিতো তাহলে আজকে ওই এলাকায় মানুষ সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে বসবাস করতে পারতো।’
বাংলাভাই বাহিনীর বাগমারা আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুনেছি, ২০০৩ সালের পর বাগমারার মানুষ সংগঠিত হয়ে একটি জীবন - রক্ষা কমিটি করেছিলো। এই কমিটিতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টিসহ হিন্দু সম্প্রদায়ের নেতারাও তাতে সম্পৃক্ত ছিলেন। তারা সবাই একত্রিত হয়ে সর্বহারাদের হাত থেকে রক্ষা পেতে কার্যক্রম শুরু করেন। এরই ফাঁকে একটি সুযোগসন্ধানী গোষ্ঠি সুকৌশলে এ সমস্ত স্থানীয় রাজনীতিকদের সঙ্গে মিশে গিয়ে জাগ্রত মুসলিম জনতা হিসেবে আত্মপ্রকাশ করে। তাদের কিছু কর্মকাণ্ডে আমিসহ সবাই তখন প্রতিবাদ করেছি। কিন্তু সেই সময় কিছু অতি উৎসাহী ও উচ্চাভিলাষী কর্মকর্তাদের কারণেই জাগ্রত মুসলিম জনতা সুযোগ পেয়েছে।’
নাদিম মোস্তফা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে চট্টগ্রাম, নোয়াখালি, সিলেট, কুমিল্লা ও বরিশাল জেলায় কওমি মাদ্রাসাগুলোতে অস্ত্র প্রশিক্ষণ হতো বলে আমরা সেই সময় পেপার - পত্রিকায় পড়েছিলাম। এমনকি বিষয়টি সংসদেও আলোচনা হয়েছিলো। এ কারণে তখন কওমি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তও নিয়েছিলো সরকার। পরবর্তীতে যশোরের উদীচী, রমনার বটমূল, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা এবং কোটালিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রীর জনসভায় বোমা পেতে রাখার ঘটনাই প্রমাণ করে যে জঙ্গিদের উৎপত্তি সেই সময়েই হয়েছে। কিন্তু যারা একটি বিশেষ মহলের দ্বারা নিয়ন্ত্রিত, তারাই বলছে বাগমারায় বর্তমান সরকারের আমলে জঙ্গিদের উৎপত্তি ঘটেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী মুফতি হান্নানকে আওয়ামী লীগ সরকার গ্রেফতার করতে পারেনি। বর্তমান সরকার তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়েছে। এটাই প্রমাণ করে আমরা কোনোভাবেই জঙ্গিবাদকে সমর্থন করি না বরং আওয়ামী লীগ সরকারের আমলেই এর জন্ম হয়েছে।
