আন্তর্জাতিক চা বাজারে ভারতের প্রতিদ্বন্দ্বি হিসেবে আত্মপ্রকাশ করছে বাংলাদেশ
শ্রীলংকা, কেনিয়া, ইন্দোনেশিয়ার পর বাংলাদেশও শিগগিরই চায়ের আন্তর্জাতিক তীব্র প্রতিযোগিতামূলক বাজারে ভারতের প্রতিদ্বন্দ্বি হিসেবে আত্মপ্রকাশ করছে। বাংলাদেশে ইতোমধ্যে ১৬২টি চা এস্টেট প্রতিষ্ঠা হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ছে।
শনিবার স্টেটসম্যান নিউজ সার্ভিস’র এক প্রতিবদনে উল্লেখ করা হয়েছে, সরকারের পরিকল্পনা কমিশন, শ্রম বিভাগ ও শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল নভেম্বর মাসে বেশ কয়েকবার ডুয়ার্সের চা এস্টেট পরিদর্শন করেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এবিএম আবদুস সাত্তারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ইন্ডিয়া টি অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার নেতৃবৃন্দের সাথে চা এস্টেটে এইডসের উপস্থিতি, চিকিৎসা সংক্রান্ত সমস্যাসহ চা শিল্প ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে।
সূত্র মতে, বাংলাদেশ চা উৎপাদন বাড়াতে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।
ইন্ডিয়া টি অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সাধারণ সম্পাদক প্রবীর ভট্টাচার্য জানান, ডুয়ার্সে গড়ে ১৮ থেকে ১৯ কেজি উৎপাদনের তুলনায় বাংলাদেশে গড়ে ২৩ কেজি চা উৎপাদিত হয়।
তিনি আরও জানান, বাংলাদেশের শ্রমিকরা ভারতের শ্রমিকদের চেয়ে বাগান থেকে বেশি চা সংগ্রহ করতে পারে। বেশি উৎপাদনশীলতা ছাড়াও ভারতের তুলনায় বাংলাদেশের চা শ্রমিকদের মজুরি কম। বাংলাদেশের চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০ টাকা। অন্যদিকে ভারতের শ্রমিকদের মজুরি ৪৮ দশমিক ৪০ রূপি, যা বাংলাদেশের মুদ্রায় দাড়ায় ৪৮ দশমিক ৪০ টাকা।
বাংলাদেশে চা খাতে দায়বদ্ধতাও কম। ভারতে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের ১২ ভাগ জমা হয়। অন্যদিকে বাংলাদেশে এই হার ৭ ভাগ।
