আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির কারণে দেশব্যাপী বিচার কার্যে স্থবিরতা
আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি পালনের কারণে বৃহস্পতিবার দেশব্যাপী বিচারকাজ স্থবির হয়ে পড়ে। ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবি’র আত্মঘাতি বোমা হামলায় দুইজন সিনিয়র সহকারী জজ নিহত হওয়ার প্রতিবাদে আইনজীবীরা এ কর্মসূচি ঘোষণা দেন।
সুপ্রিম কোর্ট ভবন বৃহস্পতিবার ছিলো অনেকটা ফাঁকা। বিচারক ও কর্মকর্তা-কর্মচারিরা ছাড়া কেউই আদালত ভবনে প্রবেশ করেনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) তাদের আদালত বর্জন কর্মসূচি সফল করতে আদালত ভবনের প্রধান ফটকের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়, যাতে সমিতির সদস্যরা মামলা পরিচালনার জন্যে আদালতে প্রবেশ করতে না পারেন।
এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বিডিনিউজকে বলেন, দেশের সকল আইনজীবী সমিতি স্বতঃস্ফূর্তভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে।
তিনি বলেন, দু’জন বিচারক হত্যার প্রতিবাদে সারা দেশের আইনজীবীরা কালো ব্যাজ পরিধান করে এবং কালো পতাকা নিয়ে সকল আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
এসসিবিএ সরকারের কাছে নিহতের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়।
বেঞ্চে কিছুক্ষণ অবস্থানের পর প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনসহ সুপ্রিম কোর্টের বেশিরভাগ বিচারক এজলাশ থেকে বেরিয়ে আসেন। তবে সরকার সমর্থক আইনজীবীদের উপস্থিতিতে হাইকোর্টের দু’টি বেঞ্চ তাদের বিচার কার্যক্রম চালিয়ে যান বলে সূত্র জানায়।
অ্যাডভোকেট টিএইচ খান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রাজ্জাক খান ও অ্যাডভোকেট জয়নুল আবেদিনসহ বিএনপি সমর্থক ২০ জনের মতো আইনজীবী বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির আদালতে হাজির হন। তারা আদালতের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যে প্রধান বিচারপতিতে অনুরোধ জানান।
বিএনপি সমর্থক এ আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডাকা আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদ জানান।
এসসিবিএ রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান গেটে মানব বন্ধন কর্মসূচি পালন করবে। এছাড়াও বিচারক হত্যার প্রতিবাদে তারা সোমবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংহতি সমাবেশের আয়োজন করবে।
আইনজীবীদের শীর্ষ সংগঠন এসসিবিএ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মৌন মিছিল বের করে। এসময় নেতৃবৃন্দ বিচারক ও আইনজীবীদেরকে তাদের বিচারকার্য বন্ধ রাখার আহ্বান জানান।
এছাড়াও এসসিবিএ আদালতের দক্ষিণ হলে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট ওজায়ের ফারুক, অ্যাডভোকেট রহমত আলী এমপি, ড. এম জহির, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, অ্যাডভোকেট বি এ রশিদ, অ্যাডভোকেট ফজলে রাব্বি, অ্যাডভোকেট মাহবুব আলী, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট বশির আহমেদ, অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদী, অ্যাডভোকেট আওসাফুর রহমান ও অ্যাডভোকেট রকিবুল আলম বুদু।
এদিকে এসসিবিএ’র আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিএনপি সমর্থক আইনজীবীদের দুটি গ্রুপ এসসিবিএ ভবনে পৃথক সংবাদ সম্মেলন করেছে।
বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নেতৃত্বাধীন বিএনপি সমর্থক আইনজীবীদের গ্রুপটি এসসিবিএ ভবনের উত্তর হলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করে। এসময় অ্যাডভোকেট আবদুল ওহাব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম কিবরিয়া, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, হেলালউদ্দিন মোল্লাহ ও বদরুদ্দোজা বাদল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল গিয়াসউদ্দিন মিঠু, অ্যাডভোকেট মোখলেসুর রহমান জাহিদ ও অ্যাডভোকেট মনির হোসেন উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট টিএইচ খানের নেতৃত্বাধীন বিএনপি সমর্থক আইনজীবীদের অপর গ্রুপটি এসসিবিএ’র হলরুমে পৃথক সংবাদ সম্মেলন করে। ব্যারিস্টার জিয়াউর রহমান খান এমপি, অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট সানাউল্লাহ মিঞা, অ্যাডভোকেট গোলাম আরশেদ প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিএনপি সমর্থক আইনজীবীদের উভয় গ্রুপই ঝালকাঠিতে দু’জন বিচারক হত্যার ঘটনায় শোক প্রকাশ করেন। তারা এসসিবিএ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিচারক হত্যার ঘটনাকে নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টার অভিযোগ আনেন।
সরকার সমর্থক আইনজীবীদের সংবাদ সম্মেলন সম্পর্কে এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বলেন, এসসিবিএর সিদ্ধান্তের বিরুদ্ধে যারা সংবাদ সম্মেলন করেছে তারাই বোমা হামলকারীদের মদদদাতা।
সময় চাওয়া সংক্রান্ত কিছু আবেদন ছাড়া ঢাকা জজ কোর্ট ও মুখ্য মহানগর কোর্টে কোনও মামলা পরিচালিত হয়নি।
বিরোধী দল সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদও (এসএএসপি) আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে। বিচারকদের উপর বোমা হামলার প্রতিবাদে তারা রোববার সকালে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে একটি মানব বন্ধন কর্মসূচি পালন করবে।
এদিকে আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিএনপি সমর্থক আইনজীবীদের দু’টি গ্রুপ পৃথক সমাবেশ করেছে।
