নগর আ.লীগে বিরোধ ২২ নভেম্বরের মহাসমাবেশে বিরূপ প্রভাব ফেলতে পারে
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সৃষ্ট প্রকাশ্য বিরোধ, একে অন্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ এবং কমিটির অচলাবস্থার কারণে দল রাজধানীতে সরকার বিরোধী আন্দোলন কার্যকরভাবে গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতা-কর্মীরা। এ কারণে দলের সর্বস্তরে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও জানান তারা।
দলীয় সূত্র জানায়, এ ব্যাপারে দলের হাই কমান্ড এখনও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তবে সর্বশেষ বুধবারের ঘটনার প্রেক্ষিতে মহানগর কমিটির একজন সহ সভাপতিকে বহিষ্কার এবং একাধিক মহানগর নেতাকে কারণ দর্শানো হতে পারে।
নির্ভরযোগ্য একটি সূত্র বৃহস্পতিবার বিডিনিউজকে জানান, মহানগর সভাপতির সাম্প্রতিক বক্তব্য এবং ভূমিকার বিরুদ্ধে হাইকমাণ্ড কার্যত কোন ব্যবস্থা গ্রহণ না করলেও তার অনুসারী কয়েকজন নেতা ‘বলির পাঁঠা’ হতে পারেন।
অবশ্য নগর সম্পাদক মোফাজ্জল হোসেন মায়ার ‘কর্মকাণ্ড’ও হাই কমাণ্ড ভালো চোখে দেখছেন না বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, হাই কমান্ডের কাছে এটি পরিষ্কার যে, পরিস্থিতির সুযোগ নিচ্ছেন মায়া।
এদিকে মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে অন্তর্কোন্দল এবং বর্তমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে আগামী ২২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ১৪ দলের মহাসমাবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে বলে দলের মাঠ পর্যায়ের নেতা ও সংগঠকদের আশংকা।
এদিকে মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ বৃহস্পতিবার বিডিনিউজ’র সঙ্গে আলাপকালে বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি’র উপস্থিতিতেই সংগঠনের গঠনতন্ত্র বিরোধী ঘটনাগুলো ঘটছে। তিনি অভিযোগ করে বলেন, তিনি ইচ্ছেকৃতভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে এসব ঘটনার পেছনে ইন্ধন যোগাচ্ছেন এবং নেতা কর্মীদের মধ্যে দ্বন্দ্ব উষ্কে দিচ্ছেন।
এক্ষেত্রে দলীয় প্রধানের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সভানেত্রী সবাইকে ডেকে নির্দেশনা দিলেই আর সমস্যা থাকেনা। কিন্তু তিনি যে এটা কেন করছেন না-বুঝি না। আর তিনি যদি মনে করেন মায়া-ই সবকিছু, তবে কমিটি ভেঙ্গে দিয়ে তাকে আহ্বায়ক করে দিলেই তো হয়! অগঠনতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থায় তো আর দল চলতে পারে না!
প্রশ্নের জবাবে হানিফ জানান, ২২ নভেম্বরের মহাসমাবেশে যোগ দেবেন তিনি। তার অনুসারীরাও মহাসমাবেশ সফলের জন্য সর্বশক্তি নিয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, মহাসমাবেশের পর থেকে তিনি নিয়মিত দলীয় কার্যালয়ে বসবেন এবং তার দায়িত্ব পালন করবেন।
