জলিল ও মায়ার বিরুদ্ধে হানিফ গ্রুপের কর্মীদের বিক্ষোভ, হট্টগোল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এবং মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে বুধবার মোহাম্মদ হানিফ গ্রুপের কর্মীরা বিক্ষোভ করেছে।
আগামী ২২ নভেম্বর অনুষ্ঠেয় ১৪ দলের মহাসমাবেশকে সামনে রেখে বুধবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করা নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়। মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভা শুরু হলে মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ হানিফের পক্ষের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে সভা বর্জন এবং পরে মিছিল ও সমাবেশ করে। এছাড়া তারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল জলিল ও মহানগর সম্পাদক মায়ার বিপক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর সম্পাদক মায়ার সভাপতিত্বে সভা শুরু হলে হানিফ গ্রুপের নেতা কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানায়। তারা প্রশ্ন করেন, সহ সভাপতি উপস্থিত থাকতে সাধারণ সম্পাদক কিভাবে সভায় সভাপতিত্বে করেন। এটা গঠনতন্ত্র বিরোধী।
মহানগর কমিটির সহ সভাপতি ওমর আলীকে সভাপতিত্ব করার দাবি জানিয়ে ব্যর্থ হলে তারা বিক্ষোভে ফেটে পড়ে। হানিফের পুত্র ও মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদ খোকন এবং সহ সভাপতি ওমর আলীর উপস্থিতিতে তাদের গ্রুপের নেতা কর্মীরা চিৎকার করে মায়ার বিরুদ্ধে গালাগালি করতে করতে সভা ত্যাগ করে নিচে যায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি যুবলীগের একটি সমাবেশ শেষে তাদের মুখোমুখি হয়ে নিবৃত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তারা বেশ কিছুক্ষণ আব্দুল জলিলের গাড়ি অবরোধ করে রাখে। পরে অন্যান্য নেতাদের হস্তক্ষেপে তিনি মুক্ত হয়ে চলে যান।
হানিফ গ্রুপের বিক্ষুব্ধ নেতা কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করে মায়ার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ২২ নভেম্বরের মহাসমাবেশ শেষে প্রমাণ হবে মহানগর কাদের দখলে থাকে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সৃষ্ঠ প্রকাশ্য বিরোধের জের ধরে বুধবার এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
