২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে স্কুল চলাকালে সীমানা প্রাচীর ভেঙ্গে স্কুলমাঠে সাঈদীর মাহফিল

অনুমতি ছাড়াই স্কুল সময়ের মধ্যে স্কুলের সীমানা প্রাচীর ভেঙ্গে কয়েকটি গেট তৈরি করে বুধবার চাঁপাইনবাগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

একইভাবে মহিলাদের বসার সুবিধার্থে নবাবগঞ্জ সরকারি কলেজের সীমানা প্রাচীরও ভাঙ্গা হয়েছে।

এ ব্যাপারে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি দরখাস্ত দিয়ে গেলেও অনুমতি ছাড়াই সীমানা প্রাচীর ভাঙ্গা এবং মাঠ ব্যবহার করা হয়েছে। এর আগেও এই মাঠে অনুমতি ছাড়াই সাঈদীর তাফসির মাহফিল হয়েছে। আয়োজকদের বাধা দেওয়ার সাহস আমাদের নেই।

সাঈদীর এই তাফসির মাহফিলের কারণে বুধবার দুপুরের মধ্যেই ছাত্রদের ছেড়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। হরিমোহন স্কুলের পাশে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদেরও ছেড়ে দেওয়া হয় সময়ের আগেই। নবাবগঞ্জ সরকারি কলেজের সীমানা প্রাচীর ভাঙ্গার অনুমতি নেওয়ার প্রসঙ্গে কলেজের উপাধ্যক্ষ গোলাম রসুল হেয়ালির সুরে বলেন, ‘নিয়েছে, আবার নেয়নি’।

এদিকে, তাফসির মাহফিলের জন্য পৌর কর্মচারীদের কলেজ মাঠ পরিষ্কার করতে দেখা গেছে। এ দায়িত্বে নিয়োজিত পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, পৌর কর্তৃপক্ষের নির্দেশে তারা এ কাজ করছে। উল্লেখ্য, পৌরসভার চেয়ারম্যান আতাউর রহমান জেলা জামায়াতের অন্যতম নেতা।

তাফসির মাহফিলের আয়োজক বাংলাদেশ ইমাম সমিতি ও তামিমুল কোরআন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা হলেও জামায়াত শিবিরের নেতাকর্মীদের মাহফিলের সার্বিক দায়িত্ব পালন করতে দেখা গেছে।