২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে বিবিসি ৮ পর্বের ‘বাংলাদেশ সংলাপ’ সম্প্রচার শুরু করবে

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)’র উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণভিত্তিক আট পর্বের আলোচনা অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় সরাসরি সম্প্রচার করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

প্রথম পর্বের বাংলাদেশ সংলাপের বিষয়-জনগণ কি ন্যায়বিচার পাচ্ছে? উপস্থিত দর্শকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং আওয়ামী লীগ নেতা সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

মঙ্গলবার এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সাবির মুস্তাফা এ কথা জানান।

তিনি বলেন, কোথায় দাঁড়িয়ে আজকের বাংলাদেশ-আগামীর বাংলাদেশ নিয়ে কী আপনার প্রত্যাশা-এসম নিয়ে বিবিসি বাংলা আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা-বাংলাদেশ সংলাপ।

বিবিসি বাংলা শ্রোতাদের উপস্থিতিতে ঢাকায় ছয়টি, চট্টগ্রাম ও সিলেটে একটি করে অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ সংলাপের এ অনুষ্ঠান ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে পরবর্তী আট বৃহস্পতিবার পর্যন্ত ।

দেশের উন্নয়নে প্রধান প্রধান গভর্নেন্স ইস্যু ও তাদের মধ্যে বিদ্যমান সম্পর্ক যথাযথ ভাবে উপলব্ধি এবং এসংক্রান্ত বিতর্কের উৎকৃষ্টতা সাধনের লক্ষে আমার এ সংলাপের আয়োজন করেছি।

এছাড়াও বিচার, দূর্নীতি, স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য বাণিজ্য, নিরাপত্তা এবং গভর্নেন্স ইস্যু তে আগামী জানুয়ারি মাস দুটি বিশেষ যুব সংলাপ প্রচারিত হবে।

চ্যানেল আই সংলাপের বিশেষ বিশেষ অংশগুলো প্রতি রোববার বিকেলে সম্প্রচার করবে।

২৪ নভেম্বর ঢাকায় ‘দূর্নীতি : কিভাবে রোধ হবে ’ শিরোনামে আলোচনা হবে এবং ১ ডিসেম্বর সিলেটে আলোচনা করা হবে ‘কিভাবে স্থানীয় সরকার কাজ করছে’।

অন্যান্য আলোচনা হবে ৮ ডিসেম্বর ঢাকায় ‘শিক্ষা: কিভাবে এ ব্যবস্থায় গুনগত মান বৃদ্ধি পাবে’, ১৫ ডিসেম্বর ঢাকায় ‘স্বাস্থ্য: কিভাবে এ সেবা উন্নত হবে’, ২২ ডিসেম্বর চট্টগ্রামে ‘ব্যাণিজ্য: বিশ্বায়নের জন্য বাংলাদেশ কি প্রস্তুত, ২৯ ডিসেম্বর ঢাকায় ‘নিরাপত্তা: জনগণ কি সেবা ও নিরাপত্তা লাভ করছে এবং ৫ জানুয়ারী ঢাকায় ‘বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে’।