২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ প্রতিমন্ত্রীকে পাহাড়ি নেতা: সেনা শাসনে পাহাড়ের জীবন দুর্বিসহ

সেনা শাসনের কারণে পাহাড়ের জীবনযাত্রা এখন দুর্বিসহ। উপরন্তু পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের আট বছরেও এর মৌলিকদিকগুলো বাস্তবায়িত হয়নি। ফলে প্রতি পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ের উন্নয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বাংলাদেশে সফররত ব্রিটিশ পররাষ্ট্র এবং কমনওয়েলথ বিষয়ক কার্যালয়ের প্রতিমন্ত্রী কিম হাওয়েলস’র সঙ্গে সাক্ষাৎতকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিনিধি মৃনাল কান্তি ত্রিপুরা এ কথা বলেন। পাহাড়ি নেতা সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা।

মঙ্গলবার ব্রিটিশ হাই কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে একই সময় মানবাধিকারকর্মী রোজালিন ডি. কস্টা, অ্যাডভোকেট রবিন্দ্র ঘোষ এবং আহমদীয়া মুসলিম জামাতের দু’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জনসংহতি সমিতি নেতা ব্রিটিশ প্রতিমন্ত্রীকে জানান, পাহাড়ে এখন কঠিন দুঃসময় চলছে। চুক্তি বাস্তবায়নের অভাবে সেখানে দিন দিন জটিল হচ্ছে ভূমি সমস্যা। পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আদিবাসী পাহাড়ি মানুষের মৌলিক মানবিক অধিকার এখন সুদূর পরাহত।

ব্রিটিশ প্রতিমন্ত্রী পাহাড়ি নেতার বক্তব্য মনযোগ দিয়ে শোনেন।

এ বিষয়ে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বিডিনিউজকে জানান, এটি ছিলো মূলত সৌজন্য সাক্ষাৎ। এতে তাদের পক্ষ থেকে পাহাড়ের পরিস্থিতি ও উন্নয়নের বিষয় তুলে ধরা হয়েছে।

তবে সাক্ষাৎ অনুষ্ঠানটিতে সন্তু লারমা উপস্থিত ছিলেন না।