২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন সংখ্যা দ্বিগুণের পরিকল্পনায় জামাত, আগামী নির্বাচনে জোটে ৭০টি আসন দাবি, ২৬টিতে জামাত-বিএনপি মুখোমুখী

চারদলীয় জোটের অন্যতম শরিক জামাতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রধান শরীক বিএনপি’র কাছ থেকে ৭০টি আসন দাবি করেছে। ইতোমধ্যে বিএনপি’র হাইকমান্ডকে তারা আসনগুলোর তালিকাও দিয়েছে বলে সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

জয়ন্ত আচার্য,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

জানা গেছে, বিএনপি’র হাইকমান্ডের কাছে চাওয়া প্রায় ২৬টি আসন নিয়ে জামাত, বিএনপি’র মধ্যে টানাপোড়েন চলছে। কারণ এসব আসনে বিএনপির উর্ধ্বতন কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, প্রভাবশালী সংসদ সদস্য রয়েছেন।

সূত্র জানায়, আসন ভাগাভাগির প্রশ্নে আগামীতে জোটের প্রধান দুই শরিকের মধ্যে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে।

জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের আসন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। ’৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামাত ২২৪টি আসনে নির্বাচন করে ১৮টিতে জয়লাভ করে। ৩০টিতে দ্বিতীয়, ৯১টিতে তৃতীয় স্থান লাভ করে। জামাত বিএনপি’র সাথে এসময় কৌশলগত ঐক্য করেই নির্বাচনী ফলাফল তার পক্ষে নেয়।

নির্বাচনের পর শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধকালে জামাতের তৎকালীন আমীর গোলাম আজমসহ কেন্দ্রীয় নেতাদের ভূমিকার জন্যে বিচারের দাবিতে আন্দোলন শুরু করলে জামাত বেশ বেকাদায় পড়ে।

এ আন্দোলনের পরোক্ষ ফল হিসেবে ’৯৬ এর নির্বাচনে জামাতের ভরাডুবি হয়। এ নির্বাচনে ২২৪টি আসনে প্রার্থী দিয়ে জামাত মাত্র দু’টি আসন লাভ করে। ১৪টি আসনে দ্বিতীয় হয়। তবে চার দলীয় জোটের শরিক হয়ে জামাত ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে তার নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ২৯টি আসনে নির্বাচন করে ১৬টি আসন পায়। সাতটিতে দ্বিতীয় স্থান লাভ করে।

জামাত সূত্র জানায়, গত চার বছরে তাদের সংগঠনিক অবস্থান অনেক দৃঢ় হয়েছে। এ অবস্থায় আগামী জাতীয় সংসদে তাদের আসন বর্তমানের দ্বিগুণ করার পরিকল্পনার ব্যাপারে প্রার্র্থীদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রায় অর্ধশতাধিক আসনে জোটের অন্যান্য দলের প্রার্থীদের সাথে তারাও কাজ করে যাচ্ছে।

সূত্র জানায়, বিএনপি থেকে জামাত সর্বোচ্চ নির্বাচনী সুবিধা লাভ করতে চায়। জামাতনির্ভর বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতকে বড় ধরনের ছাড় দেবে বলে জামাতের হাইকমান্ড ধারণা করছে।

জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসন থেকে নির্বাচন করতে চায়। এর মধ্যে ঠাকুরগাঁও ১ আসনে জামাতের প্রার্থী মওলানা রফিকুল ইসলাম। এ আসনে রয়েছে বিএনপির কৃষি বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারী ২ থেকে জামাতের প্রার্থী আব্দুল লতিফ। অথচ এ আসনে প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় শাহরিন ইসলাম তুহিন রয়েছে। বগুড়া ৬ প্রধানমন্ত্রীর আসনটিও জামাত চেয়েছে। নাটোর ২ ও ৩ জামাতের প্রার্থী হতে চান মো. ইউনুস আলী, এ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মেহেরপুর ২ আসনে বিএনপি’র প্রভাবশালী সংসদ মাসুদ অরুণের পাশাপাশি জামাত নেতা সমির উদ্দীন নির্বাচনী কাজ করে চলছেন।

জামাত বিএনপি মুখোমুখী দাঁড়িয়েছে ফরিদপুর ৩ আসনে। জামাতের জেনারেল সেক্রেটারি আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এ আসনে নির্বাচন করতে একান্ত আগ্রহী। এ আসনে বিএনপির প্রার্থী খাদ্য, ত্রান ও দুর্যোগ মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। নোয়াখালী ৫ আসনে আইনমন্ত্রী মওদুদ আহমদের আসনটিও জামাত দাবি করছে। লক্ষ্মীপুর ১ আসনে বিএনপির বর্তমান সাংসদ প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া। এ আসনটিও জামাত চেয়েছে। লক্ষ্মীপুর ২ এর খালেদা জিয়ার আসনেও জামাত এবার নিজস্ব প্রার্থী দিতে চায়। মূলত জামাতের চাওয়া এসব স্পর্শকাতর আসনগুলো নিয়ে জোটের মধ্যে বিএনপি কীভাবে সমঝোতা করবে, তার ওপর চার দলীয় জোটের ভবিষ্যৎ নির্ভর করছে। সূত্র জানায়, বিশেষ ভবন থেকে জামাতের তালিকার প্রার্থীদের ওপর মনিটর করা হচ্ছে।

জামাত যে ৭০টি আসন দাবি করেছে, সেগুলো হচ্ছে-রংপুর (১,২,৪,৫,৬), বগুড়া (২,৩,৪,৬), লক্ষ্মীপুর (১,২,৩,৪), কুষ্টিয়া (১,২,৩,৪), সাতক্ষীরা (২,৩,৫), গাইবান্ধা (১,৩,৪), চাঁপাইনবাবগঞ্জ (১,২,৩), নওগাঁ (১,২,৩), রাজশাহী (১,২,৩), যশোর (১,২,৬), ঠাকুরগাঁও (১,২,৩), পিরোজপুর (১,২,৩), চট্টগ্রাম (৯,১৪,১৫), নাটোর (২,৩), চুয়াডাঙ্গায় (১,৪), বাগেরহাট (৩,৪), ফরিদপুর (৩,৪), নীলফামারী (২,৩), কক্সবাজার (২,৩), মৌলভীবাজার (১,২), খুলনা (৫,৬), কুমিল্লা (১২), ফেনী (২), চাঁদপুর (৩), সিলেট (৫), ময়মনসিংহ (৬), বরিশাল (৪), মাদারীপুর (৩), শরিয়তপুর (৩), মাগুরা (২), রাজবাড়ী (১), পঞ্চগড় (১) এবং গোপালগঞ্জ (৩)।

অনুসন্ধানে জানা গেছে, জোট সরকার ক্ষমতায় আসার পরই জামাত আগামী সংসদ নির্বাচনে তাদের আসন ৩০-এ উর্ত্তীণ করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়। একশ’ আসন টার্গেট করে তারা অধিক ভোট পাওয়া আসনগুলোতে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করে। জামাত এসব অঞ্চলে বিভিন্ন সমাজ কল্যাণমূলক এনজিও গড়ে তুলে সংগঠনিক ভিতকে দৃঢ় করতে চেষ্টা করে। গড়ে তোলে বিভিন্ন আর্থনৈতিক প্রতিষ্ঠান।

আগামী সংসদ নির্বাচনে জামাতের অবস্থান প্রসঙ্গে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান বিডিনউজকে বলেন, জামাত অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেশি আসন দাবি করবে। গত বছর জোটের স্বার্থেই বেশ কিছু আসন ছাড় দিয়েছি। এতে দল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আমাদের সংগঠনিক অবস্থা ভাল। নেতা-কর্মীরা আগামী সংসদে বেশি আসনই আশা করছে।