২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে ১৪ দলের জেলা নেতাদের সঙ্গে কেন্দ্রের বৈঠক: কৌশল আলোচনা

সরকারবিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে ২২ নভেম্বরের মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে ১৪ দল ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ঢাকার পার্শ্ববর্তী ১২টি জেলার ১৪ দলের অন্তর্ভূক্ত দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সোমবার ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের প্রস্তুতি বৈঠকে মহাসমাবেশ সফল করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত নেতারা পল্টন ময়দানের এ কর্মসূচিকে সফল করে জোট সরকার পতন আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জনের ঘোষণা দেন। তারা জানান, সমাবেশ থেকে চূড়ান্ত আন্দোলন পরিচালনা এবং ‘মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের’ সরকারের ন্যূনতম কর্মসূচি ঘোষণা করা হবে।

১৪ দলের ওই সভায় সিদ্ধান্ত নেয়া হয়, সমাবেশ সফল করতে দেশব্যাপী ব্যাপক প্রচারণা, বিশেষ করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মাইকিং, দেওয়াল লিখন, লিফলেট বিতরণ এবং জনসংযোগ, মিছিল ও সভা সমাবেশ করা হবে।

ঢাকার পার্শ্ববর্তী জেলা সফরকালে কেন্দ্রীয় নেতারা মহাসমাবেশ সফল এবং সরকার পতন আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্যে সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবেন।

সোমবারের মতবিনিময় সভায় কোনও বিশেষ দল বা নেতা-নেত্রীর পক্ষে স্লোগান না দিয়ে সরকার পতনের লক্ষ্যে ‘চলো চলো, ঢাকা চলো’-এই স্লোগান, এবং সম্ভব হলে একই (১৪ দলের) ব্যানারে সারা দেশ থেকে নেতা কর্মীসহ সর্বস্তরের জনতার ঢাকায় আসার ব্যাপারে মাঠ পর্যায়ের নেতাদের পক্ষে পরামর্শ দেওয়া হয়। রাজধানীর সকল প্রবেশমুখে ১৪ দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক টিমের অবস্থান গ্রহণ করা দরকার বলেও তারা অভিমত দেন।

জেলা নেতারা বলেন, মহাসমাবেশকে সামনে রেখে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার ও মামলা দায়ের করে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। তারা বলেন, মহাসমাবেশের দিন প্রশাসনকে ব্যবহার করে সরকার নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালাতে পারে। কিন্তু সকল প্রতিকূলতা উপেক্ষা করে মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় কৌশল অবলম্বন করতে হবে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এবং তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।

এসময় ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণফোরাম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, গণতন্ত্রী পার্টি সভাপতি নুরুল ইসলাম, গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মতিয়া চৌধুরী এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ায় সভার শুরুতে তাদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। নৃশংস এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া সভা থেকে মঙ্গলবার সারা দেশে ১৪ দলের পক্ষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে মুক্তাঙ্গনে।