প্রধানমন্ত্রী সার্ক সম্মেলনে যখন দারিদ্র্যবিমোচনের কথা বলছেন, তখন দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে: হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী যখন সার্ক সম্মেলনে দারিদ্র্যবিমোচনের কথা বলছেন, তখন এদেশেরই দারিদ্র্যপীড়িত মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে।
এক সংবাদ সম্মেলনে রোববার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সার্ক সম্মেলন শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ভোগ-বিলাস ত্যাগ করে নিরন্ন মানুষের দুর্ভোগের প্রকৃত চেহারা দেখে আসুন।
তিনি বলেন, উত্তরবঙ্গে অনাহারী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে জোট সরকার সার্কের নামে অপব্যয়ের যে উৎসব করছে, তা অমানবিক, অনৈতিক ও গর্হিত অপরাধ।
তিনি উত্তরবঙ্গকে দুর্গত এলাকা ঘোষণা করে ত্রাণ তৎপরতা পরিচালনা এবং লঙ্গরখানা খুলে মানুষকে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উত্তরবঙ্গের মঙ্গা কবলিত অঞ্চলে তার পাঁচ দিনের সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রংপুর, গাইবন্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ চলছে। সরকার তাদের পাশে দাঁড়ায়নি; বরং জোটের মন্ত্রীরা রিলিফ চুরিতে ব্যস্ত।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে নিরন্ন মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ভাতের অভাবে মা পেটের সন্তানকে বিক্রি করছে, ভাত জোগাড়ে ব্যর্থ হয়ে স্ত্রী-সন্তানকে বাড়িতে রেখে মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, তখন ঢাকা শহরে চলছে কোটি কোটি টাকার আলোকসজ্জার খেলা। চলছে মহা মূল্যবান খাদ্যের প্রদর্শনী আর নিরাপত্তার নামে অঘোষিত কারফিউ।
শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট সরকার তাদের ক্ষত বিক্ষত ও বিকৃত ভাবমূর্তি মেরামতের প্লাস্টিক সার্জারি হিসেবে বেছে নিয়েছে সার্ক সম্মেলনকে। এ অঞ্চলের দেড়শ’ কোটি মানুষের প্রতিনিধিত্বের কথা বলা হলেও সার্ক সম্মেলন হচ্ছে জনগণকে ঘরের মধ্যে বন্দি করে। জনশূন্য রাস্তায় আলোকসজ্জা আর বিউটিফিকেশন দেখিয়ে সরকার কৃতিত্ব দাবি করছে।
তিনি বলেন, সরকার যে টাকা অতিরিক্ত আলোকসজ্জা আর সৌন্দর্য বর্ধনের পেছনে ব্যয় করেছে, তার একটি অংশ ব্যয় করলেও মঙ্গাপীড়িত মানুষগুলো অন্তত এক বেলা ভাত খেতে পারতো।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, সার্ক সম্মেলন সফল হোক, সুন্দরভাবে সমাপ্ত হোক-এটি আমাদের সকলেরই কাম্য। জনগণের দল হিসেবে আওয়ামী লীগের প্রত্যাশা, সার্ক হবে দক্ষিণ এশিয়ার দেড়শ’ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন এবং সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় নিবেদিত ফোরাম। কিন্তু জোট সরকার সার্ককে জনবিচ্ছিন্ন করেছে। কারফিউ’র মধ্যে সার্ক সম্মেলন করে নিজেরাই প্রমাণ করেছে, তারা সন্ত্রাস দমনে ব্যর্থ। এ সরকার সাধারণ মানুষকে অবিশ্বাস করেছে। এদেশের অতিথি পরায়ন মানুষের উষ্ণ অভ্যর্থনা থেকে সম্মানিত অতিথিদের বঞ্চিত করেছে।
হাসিনা বলেন, বিকল্প ব্যবস্থা না করে নিরাপত্তার অজুহাতে রাজধানীর বৃহত্তম কাঁচাবাজার, এমনকি ব্যাংক পর্যন্ত বন্ধ করা হয়েছে। ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এমনিতেই দিশেহারা সাধারণ মানুষকে আরও চড়া দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হচ্ছে। তথাকথিত নিশ্ছিদ্র নিরাপত্তা চাদরের মধ্যেও কারওয়ান বাজারে সব্জি বিক্রেতার স্ত্রীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এটিই কি নিরাপত্তার নমুনা? দেশের সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব কি সরকারের নেই?-প্রশ্ন করেন তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, আমি যে অনুষ্ঠানের প্রধান অতিথি, নিরাপত্তার অজুহাতে সাংবাদিক-নির্যাতনবিরোধী সেই কনভেনশন জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের তথ্য সংগ্রহেও বাধা দেওয়া হচ্ছে নিরাপত্তার অজুহাতে। তিনি প্রশ্ন করেন, জোট সরকার মানুষকে এতো ভয় পায় কেন? প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের আড়াল করতেই কি তারা জনগণের পথ আটকে রেখে তাদের সন্ত্রাসী হিসেবে পরিচিত করতে চাচ্ছে?
সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের সময় এই ঢাকাতেই ডি-৮ কিংবা এশিয়ান পার্লামেন্টারি সম্মেলনের মতো আন্তর্জাতিক সম্মেলন করেছি। ৪৫টি দেশের প্রতিনিধি এখানে এসেছেন। ইয়াসির আরাফাত, নেলসন ম্যান্ডেলা ও সুলেমান ডেমিয়েলকে নিয়ে জনসমাবেশ করেছি। কিন্তু সাধারণ মানুষকে আমরা জিম্মি করিনি।
আওয়ামী সভানেত্রী বলেন, সামরিক শাসনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানকে সার্ক পদক দেওয়ার ব্যবস্থা করে জোট সরকার সার্ক সম্মেলনকে পর্যন্ত পারিবারিকীকরণ করেছে। সার্কের মর্যাদাহানি করেছে। যে ব্যক্তিকে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট সংবিধান লঙ্ঘনকারী ও অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে চিহ্নিত করেছে, তাকে কোন যুক্তিতে সার্ক পদক দেওয়া হয়?-প্রশ্ন করেন শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
