২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সাথে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী অনুরা বন্দরনায়েকে রোববার সকালে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 11:05 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ধানমণ্ডির সুধাসদনে সকাল ৯ টা থেকে পৌণে এক ঘন্টার বৈঠকে তারা দারিদ্র বিমোচন ও গণতান্ত্রিক উন্নয়নসহ আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা সে দেশের নির্বাচনের জন্য ঢাকায় তার সংক্ষিপ্ত সফর শেষে আজই (রোববার) চলে যাচ্ছেন। তাই শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী তার পক্ষে শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন।

তিনি জানান, অনুরা বন্দরনায়েকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে হাসিনা সরকারের ঐকান্তিক প্রচেষ্টার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্ এমপি, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।