ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক রোববার
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের সঙ্গে বৈঠক করবেন।
দলীয় সূত্র জানায়, দুপুর আড়াইটায় তিনি পাকিস্তান এবং সন্ধ্যা ৬টায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল শেরাটনে সাক্ষাৎ করবেন।
এছাড়া শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী অনুরা বন্দরনায়েকে রোববার সকাল ৯টায় শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন সুধাসদনে সাক্ষাৎ করবেন।
সূত্র জানায়, ভুটান, মালদ্বীপ ও নেপালের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সোমবার শেখ হাসিনার বৈঠক হতে পারে।
এদিকে দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র শনিবার বিডিনিউজকে জানায়, সার্ক শীর্ষ নেতাদের সঙ্গে শেখ হাসিনার এসকল বৈঠকে দারিদ্র্যবিমোচন ও সন্ত্রাস দমনসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পাবে।
এছাড়া বৈঠকগুলোতে আওয়ামী লীগের পক্ষ থেকে গত চার বছরে জোট সরকারের ‘গণতন্ত্র ও মানবতাবিরোধী’ বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন ও বিনা বিচারে মানুষ হত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, ১৭ আগস্টের দেশজুড়ে বোমা হামলাসহ সন্ত্রাস সংক্রান্ত বিভিন্ন চিত্র তুলে ধরা হবে।
দলের একটি সূত্র বিডিনিউজকে জানায়, এসব বিষয়ে তথ্যসমৃদ্ধ বিভিন্ন নথিপত্র ইতোমধ্যে সার্ক নেতাদের কাছে পাঠানো হয়েছে।
