সার্ক সম্মেলনকে সামনে রেখে নিরাপত্তা বলয়ে চট্টগ্রাম, চলছে গণগ্রেপ্তার
সার্ক সম্মেলনকে সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি চলছে গণগ্রেপ্তার।
গত ২৪ ঘন্টায় ১৯২জনসহ তিনদিনে গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৫০০জনকে। কড়া পুলিশী ব্যবস্থা এবং র্যাবসহ আন্যান্য বাহিনীর তৎপরতার কারণে নগরীতে বিরাজ করছে গ্রেপ্তার আতংক।
চট্টগ্রাম থেকে যাতে কোন অপরাধী কিংবা বিষ্ফোরক দ্রব্য ঢাকায় যেতে না পারে, সেজন্যে বিমানবন্দর, রেল ও বাস স্টেশনগুলোতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া সার্ক সম্মেলনের সময়ে কোনও সন্ত্রাসী গ্রুপ যাতে কোনও অর্ন্তঘাতমূলক তৎপরতা চালাতে না পারে, সেজন্যে উল্লেখিত স্থানসমূহ ছাড়াও চট্টগ্রামের সবগুলো গুরুত্বপূর্ণ স্থাপনায় র্যাব মোতায়েন করা হয়েছে।
র্যাব সূত্র জানিয়েছে, চট্টগ্রামের বিমানবন্দর এবং রেল ও বাস স্টেশনে মোট ১৫টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সার্ক সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ২০০ র্যাব সদস্যের বিশেষ টিম নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নগরীর সবগুলো প্রবেশ পথ ছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তায় ও শহরের আশপাশের এলাকায় সিএমপির ৫০টি টিম ব্লক রেইড চালাচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি, উত্তর) রুহুল আমীন বিডিনিউজকে বলেন, সন্ত্রাসীরা যাতে চট্টগ্রাম হয়ে ঢাকা যেতে না পারে সেজন্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রেপ্তার কার্যক্রম জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী বান্দরবান ও কক্সবাজার থেকে সম্প্রতি বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ায় সার্ক-এর মতো আঞ্চলিক সম্মেলনকে সামনে রেখে চট্টগ্রামসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
গণগ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, রাজধানী ঢাকার নিরাপত্তাকাজে অংশ নিতে চট্টগ্রাম থেকে বিভিন্ন বাহিনীর প্রায় ১২শ সদস্য নিয়ে যাওয়ায় জনবল স্বল্পতার কারণে কর্তব্যরত আইন-শৃংখলা বাহিনী অতিরিক্ত সতর্কতা হিসেবে অনেক সময় এ ধরনের গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে।
