২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ছাত্রদল নেতা-কর্মীদের তান্ডব, আহত ১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ছাত্রদলের নেতা-কর্মীরা কেরানীগঞ্জের খারাকান্দি এলাকার কয়েকটি গ্রামে ব্যাপক মারপিট, ভাংচুর ও লুটপাট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 11:46 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে এলাকার অন্তত: ১৫ জন আহত হয়। সন্ত্রাসীরা অন্তত: ১০ বাড়িতে হামলা ও ভাংচুর করেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নয়জনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, বুধবার বিকালে খারাকান্দি এলাকার একটি সাঁকো পারাপারের সময় স্থানীয় ছাত্রদল কর্মী কাদের, বাবুল ও হারুনের সাথে আজিম, জালাল ও এরফানের বাক-বিতন্ডা হয়। এর জের হিসেবে কাদের ও বাবুলের লোকজন ওই হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সোয়া ৯ টার দিকে স্থানীয় ছাত্রদল নেতা কাদের, বাবুল, হারুন, সোবহান, রহমত ও কামরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী যুবক খারাকান্দি এলাকার ওই বাড়িগুলোতে হামলা করে। তারা এ সময় ব্যাপক মারপিট, ভাংচুর ও লুটপাট চালায়।

হামলায় মিজান, জাকির, শহীদ, এরফান, জালাল, আজিম, নূর ইসলাম, বাবু ও পবন আহত হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে।

হামলার কিছুক্ষণ আগেই হামলাকারি প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ আমানুল্লাহ আমানের সাথে ওই এলাকার রমিজ ড্রাইভারের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়। প্রতিমন্ত্রী এলাকা ত্যাগের পরই তারা ওই হামলা চালায়।

এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত অফিসার এএসআই দুলালকে পাওয়া যায়নি। ওয়ারলেস অপারেটর কবির বিডিনিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেখানো দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

তবে সংঘর্ষের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।