২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন নামে বিএনপি, আওয়ামী লীগ ও জাসদ’র নভেম্বর ৭ উদযাপন

১৯৭৫ সালের ৭ নভেম্বরে সিপাহী-জনতার অভ্যুত্থানের স্মরণে ক্ষমতাসীন জোট সরকার সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

তবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ দিনটিকে ‘মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ হিসেবে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল দিনটিকে ‘সিপাহী-জনতা বিপ্লব’ দিবস হিসেবে পালন করে।

১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্ল¬বের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

দিবসটি উপলক্ষ্যে সোমবার সরকারি ছুটি হিসেবে পালিত হয়। সংবাদপত্রে প্রকাশিত ক্রোড়পত্র। এ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে জাতীয় ঐক্য তুলে ধরতে জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন করেন। স্পিকার ব্যরিস্টার জমির উদ্দিন সরকারও জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন করেন এবং ফাতেহা পাঠ করেন।

প্রধানমন্ত্রী মাজারে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে মন্ত্রীবর্গ, এমপি ও বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিএনপি, বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন এবং শরিকদল আলোচনা সভা, সেমিনার, মিলাদ মাহফিল, কোরআনখানি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বিকালে বিএনপির ঢাকা মহানগর কমিটি আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া বিরোধী দল আওয়ামী লীগের প্রতি হঠকারি রাজনীতির পথ পরিহার করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া আহ্বান জানান।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের কথা বলে বিরোধী দল সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চায়। তারা নিজেরাও এ প্রস্তাবের ব্যাপারে এখনো একমত হতে পারেনি। তারা সংস্কারের ব্যাপারে একমত হয়ে সংসদে এসে প্রস্তাব দিলে তাদের প্রস্তাব বিবেচনা করা হবে।

বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া বলেন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসের একটি ‘টার্নিং পয়েন্ট’। স্বাধীনতার পর ক্ষমতাসীনদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তারা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। এর প্রতিবাদ করলে জেলে অথবা কবরে যেতে হয়েছে মানুষকে।

অন্যদিকে, সংসদের বিরোধী দল আওয়ামী লীগ ৭ নভেম্বরকে মুক্তিযোদ্ধা হত্যার কালো দিবস হিসেবে পালন করেছে।

দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নিতেই জেনারেল জিয়াউর রহমান ৭ নভেম্বরের সাজানো নাটক তৈরি করেছিল।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়েদুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের বিপক্ষে জিয়াউর রহমানের সেই অশুভ ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

তিনি বলেন, মৌলবাদের ভয়াল থাবায় দেশের স্বাধীনতাকে আজ ছিন্নভিন্ন করে দিয়েছে জোট সরকার।

আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ’র কার্যালয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত ‘৭ নভেম্বর:মুক্তিযোদ্ধা হত্যার কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগও ৭ নভেম্বরকে কালো দিবস হিসেবে পালন করে। এতে আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক হাইকোর্টের রায় এটাই প্রমান করে জিয়াউর রহমানের ক্ষমতা দখল ছিলো অবৈধ। সভায় আলোচকবৃন্দ বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর যে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল তার বিচার করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) ‘সিপাহী-জনতা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, সাত নভেম্বর কর্ণেল তাহের জেনারেল জিয়াকে মুক্ত করে একটি দুষ্টান্ত স্থাপন করেছিলেন। কিন্তু জিয়া এই উপকারের প্রতিদান দেন তাকে হত্যা করে।

জাসদ নেতা ইনু রাষ্ট্রপতি জিয়াকে একজন বিশ্বািসঘাতক হিসেবে অভিহিত করে বলেন, সাত নভেম্বরের মূল নায়ক কর্ণেল তাহের। জেনারেল জিয়া হলেন ভিলেন।

দিবসটি উপলক্ষ্যে ওয়াকার্স পার্টিও পৃথক আলোচনা সভার আয়োজন করে। দলের সভাপতি রাশেদ খান মেনন সাত নবেম্বরকে ১৮৫৭ সালের রিপাহী বিপ্লব ও ১৯৩০ সালের মাস্টার দা সূর্যসেনের বিপ্লবের সঙ্গে তুলনা করেন।

এছাড়াও কুমিল্লায় স্থানীয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা দিবসটি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে।