‘জামতলার রাণী’র মৃত্যু ছিলো স্বাভাবিক: তদন্ত সম্পন্ন, ঈদের পর প্রতিবেদন
বাঘ গবেষণায় ব্যবহৃত রয়েল বেঙ্গল টাইগার ‘জামতলার রাণী’র মৃত্যুর কারণ খুঁজতে সরকারের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি সুন্দরবনে সরেজমিন তদন্ত শেষ করেছে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) তারিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের এই দলটি গত ৩১ অক্টোবর সুন্দরবনে আসে এবং বুধবার ঢাকায় ফিরে যায়।
তদন্ত কমিটির রিপোর্টে বাঘিনীটির স্বাভাবিক মৃত্যু ঘটেছে বলে উল্লেখ করা হয়। ঈদের ছুটির পর এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সুন্দরবন পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির অপর তিন সদস্য হচ্ছেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও বাঘ বিশেষজ্ঞ প্রফেসর মোস্তফা ফিরোজ, খুলনা সার্কেলের বন সংরক্ষক (সি.এফ.) মো. আলতাফ হোসেন খান এবং সুন্দরবনের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডি.এফ.ও.) উত্তম কুমার সাহা।
বাংলাদেশ ও ভারতের সুন্দরবনে রেডিও কলার সংযোজনের মাধ্যমে বাঘ গবেষনায় ব্যবহৃত প্রথম রয়েল বেঙ্গল টাইগার ‘জামতলার রাণী’ মারা যাওয়ার কারণ জানতে গত ৩০ অক্টোবর সরকার উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি গঠন করে। তদন্তকালে কমিটির সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারি, বন প্রহরী ও জেলেদের সাথে কথা বলেছেন বলে জানা গেছে। গত ২৯ অক্টোবর পূর্ব সুন্দরবনের সুপতি স্টেশনের চান্দেশ্বর এলাকা থেকে বাঘিনীটির দেহাবশেষ উদ্ধার করা হয়।
তদন্ত কমিটির অন্যতম সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোস্তফা ফিরোজ জানান, তদন্তকালে তারা বনকর্মী, স্থানীয় জেলে এবং প্রকল্পে কর্মরত বাঘ বিশেষজ্ঞ এডাম বার্লোর সাথে কথা বলেছেন। বনের চান্দেশ্বরে বাঘিনীটির দেহাবশেষ উদ্ধারস্থল এবং দেহবাশেষের আলোকচিত্রগুলো পর্যবেক্ষণ করেছেন। তদন্ত শেষে তাদের কাছে প্রতীয়মান হয় যে, বাঘিনীটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, বাঘের গলায় সংযুক্ত রেডিও কলারটি সচল অবস্থায় উদ্ধার করা হয়। সেখানে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্য প্রকল্পের উদ্দেশ্য সফল করতে যথেষ্ট সহায়ক হবে। ওই উপাত্ত থেকে বাঘিনীটির মৃত্যু তারিখও জানা সম্ভব হবে। তদন্ত কমিটির প্রধান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) তারিকুল ইসলাম ঈদের পর প্রতিবেদন দাখিল করবেন।
উল্লেখ্য, ‘এ স্টাডি অন বিহেভিয়ার অ্যান্ড ইকোলজি অব টাইগার্স ইন সুন্দরবন রিজার্ভ ফরেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে বাস্তবায়নাধীন বাঘ গবেষণা প্রকল্পের আওতায় এ বছরের ২২ এপ্রিল পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকার জামতলা থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এই বাঘিনীটি আটক হয়। তার গলায় রেডিও কলার সংযুক্ত করে পর্যবেক্ষণ কাজ শুরু হয়। বাঘিনীটির নাম দেয়া হয় ‘জামতলার রাণী’।
গত ১৩ জুন বাঘিনীটি পর্যবেক্ষণকারীদের ওপর হামলা চালায়। এ সময় বনকর্মীদের হাত থেকে দূর নিয়ন্ত্রিত রেডিও কলারের রিসিভার পানিতে পড়ে অকেজো হয়ে যায়। তখন থেকে বাঘিনীটির সাথে পর্যবেক্ষণকারীদের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। গত ২৬ অক্টোবর আরেকটি রিসিভার সংগ্রহ করে পর্যবেক্ষণকারীরা জামতলার রাণীর খোঁজে বনে যান। ২৯ অক্টোবর রেডিও কলারের সংকেত দেখে চান্দেশ্বর থেকে তার গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অন্তত এক থেকে দেড় মাস আগে তার মৃত্যু হয়েছে।
