সার্কভুক্ত দেশের মধ্যে সহযোগিতার মাত্রা এখন আশাতীত কম: হরিগুচি
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি বলেছেন, বর্তমানে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সহযোগিতার মাত্রা প্রত্যাশার তুলনায় অনেক কম। জাপান-বাংলাদেশ ই-বুলেটিনের ৩৭তম সংখ্যায় প্রকাশিত এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এর কারণ হিসেবে অনেক যুক্তি রয়েছে। ভারত তার ক্ষমতার সুবিধা নিতে চাচ্ছে। স্পর্শকাতর বিষয়ে অন্যান্য দেশ গুরুত্ব দিলেও ভারত সেসব বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এর ফলে অন্যরা তাকে সন্দেহের চোখে দেখছে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি চাপা পড়ে যাচ্ছে।
‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য’ শীর্ষক এ বার্তায় জাপানি রাষ্ট্রদূত বলেন, সার্ককে আঞ্চলিক সহযোগিতার একটি কার্যকর সংস্থায় পরিণত করতে এর সদস্য রাষ্ট্রসমূহ যাতে তাদের মধ্যকার কোনো বাধা দূর করতে যে কোনো পদক্ষেপ নিতে পারে, সে জন্য সার্কের বর্তমান নীতিমালা পরিবর্তন করা দরকার।
এ অঞ্চলে প্রজ্ঞা ও শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এতে সাময়িকভাবে সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু পরবর্তীতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতামূলক সম্পর্ক গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, এ অবস্থা উপলব্ধি করার জন্য প্রথমে দরকার হবে প্রজ্ঞা ও শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব।
হরিগুচি ক্ষোভ প্রকাশ করে বলেন, বেশিরভাগ সার্কভুক্ত দেশের মধ্যে বিভিন্ন ধর্ম ও বর্ণের লোক বসবাস করলেও এসব দেশের সরকার সংখ্যালঘুদের দিকে নজর দেয় খুব কমই। ধর্মের দ্বারা এসব দেশের সরকার গঠন প্রক্রিয়া প্রভাবিত হয়। এরফলে ধর্মকে কেন্দ্র করে লোকজন বিভক্ত হয়ে পড়ে এবং সংঘর্ষে লিপ্ত হয়।
তিনি বলেন, এছাড়াও এসব দেশে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ সক্রিয় রয়েছে। উদাহরণ হিসেবে ভারতের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত নিজে এর ভয়াবহতার শিকার হওয়া সত্ত্বেও দেশটি এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অন্যান্য রাষ্ট্রসমূহ অভিযোগ করছে।
তিনি আরো বলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ও শ্রীলংকার তামিল বিদ্রোহী গ্রুপসহ সার্কভুক্ত রাষ্টসমূহে অনেক বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে। এক্ষেত্রে সার্ককে ব্যবহার সকলে এক হয়ে এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় হরিগুচি বিস্ময় প্রকাশ করেন।
জাপানি রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক কোনো বিষয়ে আলোচনা করা হবে না এ শর্তে ভারত সার্ক প্রতিষ্ঠায় সম্মত হয়। এর ফলে সার্ককে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে অন্যান্য সদস্য রাষ্ট্রসমূহ কোনো ব্যবস্থা নিতেও পারছে না।
তিনি বলেন, ভারত এ অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে এবং একতরফাভাবে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এখানে বাইরের কোনো রাষ্ট্রের হস্তক্ষেপও সে রাখতে চাচ্ছে না। ফলে ভারত-পাকিস্তানের মধ্যকার কাশ্মীর বিতর্ক, শ্রীলংকার তামিল বিদ্রোহী গ্রুপ, নেপালের মাওবাদী গ্রুপের মতো সমস্যাসমূহ সমাধানে সার্ক সক্ষম হচ্ছে না।
