৫ম সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিতাদেশের মেয়াদ আরও তিন মাস বাড়লো
পঁচাত্তর পরবর্তী সামরিক শাসন এবং সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার স্থগিতাদেশের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এমএম রুহুল আমিন সোমবার এ আদেশ দেন।
এতে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রাজ্জাক খান।
রায় ঘোষণার পর তারা সাংবাদিকদের বলেন, সরকারের কাছে হাইকোর্টের রায়ের নথি এখন পর্যন্ত না পৌঁছানোয় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্যে সরকার একটি পিটিশন দাখিল করে।
অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায় স্থগিতের ব্যাপারে আমরা নির্দিষ্ট কোনও সময় উল্লেখ করিনি। হাইকোর্টের রায়ের নথি হাতে পাওয়ার পর আমরা এ রায়ের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আপিল করবো।
হাইকোর্ট চলতি বছরের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় প্রদান করেন। রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনী এবং খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জেনারেল জিয়াউর রহমান সরকারকে অবৈধ, বেআইনি ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হয়। এ তিন নেতা সামরিক আইন জারি করে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত দেশ শাসন করেন।
বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের সকল কার্যক্রম ও সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ, সংবিধান বহির্ভূত এবং বেআইনি বলে ঘোষণা করেন।
এছাড়া সংবিধানের স্থান সকল কিছুর উর্ধ্বে উল্লেখ করে হাইকোর্ট তার রায়ে ২২ দফা অভিমত প্রদান করেন।
এর আগে প্রথমবার ৩১ আগস্ট হাইকোর্টের রায়ের বিপক্ষে সরকারের দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী হাইকোর্টের ওই রায় দুই মাসের জন্যে স্থগিত করেন।
সরকার ১৯৭২ সালে ঢাকার ওয়াইজঘাটের মুন সিনেমা হলের জমি পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করে এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে ওই সম্পত্তি প্রদান করে। এর বিপক্ষে জমির মালিক মাকসুদ আলমের দায়ের করা একটি রিটের বিপরীতে হাইকোর্ট এ রায় দেন।
হাইকোর্ট ১৯৭৭ সালে আবেদনকারীকে ওই জমি ফিরিয়ে দেওয়ার জন্যে সরকারকে নির্দেশ দেন।
তবে সরকার ১৯৭৭ সালের সামরিক আইন অনুযায়ী হাইকোর্টের ওই রায়কে অকার্যকর উল্লেখ করে জমির মালিককে তার জমি হস্তান্তর করা থেকে বিরত থাকে।
পরে ১৯৯৪ সালে মাকসুদ আলম পুনরায় হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। তবে তখন হাইকোর্ট ওই রিট পিটিশন খারিজ করে দেন।
বর্তমানে বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ ২০০০ সালে সামরিক আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।
পরবর্তী তিন মাসের জন্যে রায় স্থগিত ঘোষণার সময় মাকসুদ আলমের পক্ষে কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
