২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে টিআইবি কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) লালমনিরহাট জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে হামলাকে কেন্দ্র করে টিআইবির জেলা কার্যালয় উড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

টিআইবি সোমবার লালমনিরহাটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানায়। সম্মেলনে জানানো হয়, লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি ও টিআইবি যৌথভাবে ২৯ অক্টোবর লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে যুবদলের জেলা কমিটির আহ্বায়ক একেএম মমিনুল হকের নেতৃত্বে একদল যুবদল কর্মী মিলনায়তনে প্রবেশ করে অতিথিদের ওপর হামলা চালায়। একই সঙ্গে হামলাকারিরা টিআইবির জেলা কার্যালয় ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দেয়। অন্যথায় কার্যালয় উড়িয়ে দেওয়া হবে বলে কর্মকর্তাদের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় থানায় মমিনুল হকসহ ৩০ জনের বিরুদ্ধে জিডি দায়ের করা হয়েছে (নং ১২২২)।

অন্যদিকে যুবদলের জেলা কমিটি সোমবার বিএনপি জেলা কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে মমিনুল হক এই ঘটনাকে সাজানো ও মিথ্যা হিসেবে আখ্যায়িত করেন।

ঘটনার পর টিআইবি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।