২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ অব্যাহত

বিএনপির নব গঠিত খুলনা মহানগর আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে বিরোধ অব্যাহত আছে। শনিবার আশরাফ-দাদু-মঞ্জু গ্রুপের অনুসারী যুবদলের মহানগর কমিটি নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

অন্যদিকে মেয়র লবী মাজেদ গ্রুপ শনিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার পার্টির আয়োজন করে। এসময় তারা সাংবাদিকদের জানান, আগামী ৩/৪ মাসের মধ্যে সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এদিকে বিএনপির খুলনা মহানগরের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এক বিবৃতিতে আলী আসগর লবীকে সন্ত্রাসীদের গডফাদার হিসেবে উল্লেখ করেছেন।

বেলা আড়াইটায় বিএনপির মহানগর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত যুবদলের সমাবেশে বক্তারা বলেন, খুলনায় বিএনপিকে যারা প্রতিষ্ঠা করেছেন, স্বৈরাচার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের বাদ দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। খুলনায় বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যে অবিলম্বে এ কমিটি বাতিল করা প্রয়োজন। যুবদলের মহানগর কমিটির আহ্বায়ক শাহীনুল ইসলাম পাখির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ শামসুল আলম, মো. নুরুল ইসলাম, মজিবর রহমান প্রমুখ।

শনিবার নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলী আসগর লবী নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় সন্ত্রাসীদের সাথে সম্পর্ক বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনও সন্ত্রাস ও সন্ত্রাসীদের প্রশ্রয় দিইনি। খুলনায় সন্ত্রাস দমনে সকলকে একসাথে কাজ করতে হবে।

সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এক বিবৃতিতে বলেন, ২৭ অক্টোবর তথাকথিত মহানগর কমিটির আহ্বায়ক আলী আসগর লবী শহরের চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রবাজ, চাঁদাবাজ ও খুনিদের নিয়ে মহড়া দিয়েছেন, যা খুলনাবাসী প্রত্যক্ষ করেছে।

আলী আসগর লবীকে ২৭ অক্টোবর দলীয় কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে ২৫ অক্টোবর আগের কমিটি ভেঙে আলী আসগর লবীকে আহ্বায়ক করে ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।