ইয়াকুব হত্যাকাণ্ডে জামাত নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আমিনী
ইসলামী ঐক্যজোটের (আমিনী) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এমপি চট্টগ্রামে ঐক্যজোট নেতা ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের জামাত নেতা আবদুর রহিমের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নগরীর একটি হোটেলে বুধবার বিকেলে ইয়াকুব স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনী বলেন, একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্যে পুলিশ নারীঘটিত কল্পিত কাহিনী সাজানোর চেষ্টা করছে।
তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ইয়াকুব হত্যাকাণ্ডে জামাতের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করা হবে।
ইয়াকুব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্যে তিনি শিগগিরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও সভায় উল্লেখ করেন।
তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভুলে গেলে চলবেনা, আমরাও জোট সরকারের অংশীদার।
অনুষ্ঠানে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, ইয়াকুব হত্যাকাণ্ডে চারদলীয় জোট সরকার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়াকুব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে সরকার অত্যন্ত আন্তরিক বলেও তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাইন উদ্দিন রূহীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম এমপি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী এবং নিহত ইয়াকুবের ভাই আশরাফ বিন ইয়াকুব।
