২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন, সেমিনার না কর্মীসভা?

অব্যবস্থাপনা ও বিশৃংখলার মধ্য দিয়ে রোববার আওয়ামী লীগ আয়োজিত সেমিনার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

শুধু রোববারের সেমিনার নয়, জোট সরকারের চার বছর পূর্তিতে প্রধান বিরোধী দল আয়োজিত গত ক’দিনের কয়েকটি সেমিনার ও সংবাদ সম্মেলনে দেখা যায়, আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সকল আসন দখল করে বসে থাকেন। এমনকি সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের জন্য নির্ধারিত আসনও দখল করে রাখেন দলীয় কর্মীরা। অনাকাঙ্খিত ভিড় ও হৈচৈয়ের কারণে ‘সংবাদ সম্মেলন’ বা ‘সেমিনার’ অনুষ্ঠানগুলো রূপ নেয় বিশৃংখল ‘কর্মী সভায়’। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য একারণে ব্যাহত হয়।

রোববার জোট সরকারের ব্যর্থতা ও কৃষিখাতে সংকট-ভবিষ্যত করণীয় শীর্ষক সেমিনারে দলীয় কর্মীদের অনাকাঙ্খিত ভিড় ও চিৎকার চেঁচামেচিতে পুরো অনুষ্ঠান ছিল চরম অব্যবস্থাপনায় ভরা। যার যখন ইচ্ছে আসছেন, যাচ্ছেন। বক্তাদের বক্তব্যে কর্ণপাত না করে ইচ্ছেমত গল্পগুজব ও আড্ডা মেরেই সময় কাটান উপস্থিত কর্মীরা।

সেমিনার কাভার করতে আসা সাংবাদিকদের অনেককেই এমন পরিবেশে বিরক্তি প্রকাশ করে বাইরে চলে যেতে দেখা যায়। অনেকেই প্রশ্ন করেন-এটা কি সেমিনার, না কর্মী সভা?