মঙ্গা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে: জেজিএসআরএসএ
উত্তরাঞ্চলে বন্যার কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় মঙ্গা পরিস্থিতি স্থায়ী রূপ নিতে পারে বলে আশংকা প্রকাশ করেছে গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলন (জেজিএসআরএসএ)।
তারা মঙ্গা কবলিত উত্তরাঞ্চলের জেলাগুলোতে আগামী তিন মাস পর্যন্ত ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
কয়েকটি বামপন্থী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ সংগঠনটি কোনও রকম বন্ধকী ও সুদ ছাড়াই কৃষকদেরকে কৃষি ঋণ দেওয়ার জন্য বেরসরকারি সংস্থাগুলোর (এনজিও) প্রতি দাবি জানায়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-খালেকুজ্জামান) তোপখানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে রোববার সংগঠনের সদস্য সাইফুল হক এ দাবি জানান।
মিডিয়ায় প্রকাশিত বা প্রচারিত অবস্থার চেয়ে বাস্তবে মঙ্গা পরিস্থিতি আরও ভয়াবহ বলে উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র লোকজন স্বাভাবিক সময়ের চেয়ে কম মজুরিতে আগাম শ্রম বিক্রি করে দিচ্ছে।
সাইফুল হক বলেন, ডায়রিয়াসহ অন্ত্রের অন্যান্য রোগে এ পর্যন্ত শতাধিক লোক মারা গেছে।
তিনি বলেন, আকস্মিক বন্যার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এতে উত্তরাঞ্চলের জনগণের, বিশেষ করে দরিদ্র মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, বন্যার কারণে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলন তাদের দাবি সমর্থনে ২৫ অক্টোবর নগরীর মুক্তাঙ্গণে মহাসমাবেশ আয়োজনের এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা আবদুল্লাহ সরকার, বজলুর রশিদ ফিরোজ, হামিদুল হক ও কামরুল আলম সবুজ উপস্থিত ছিলেন।
