রাজনীতিতে আমি এখনও ফুরিয়ে যাইনি : বিদিশা
মাথার ওপর পাঁচটি মামলার হুমকি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশা এরশাদ রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে তা অবশ্যই সঠিক ও সুবিধাজনক সময়ে।
শনিবার রাজধানীর হোটেল রাজমনি ঈশা খাঁতে সাংবাদিকদের সম্মানে দেওয়া ইফতার পার্টিতে তিনি বলেন, এখনও রাজনীতিতে আমার ভুমিকা শেষ হয়ে যায়নি। কিন্তু বাস্তবতার কারণে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পরছি না। উপযুক্ত সময়ে আমি আবার সাংবাদিকদের সামনে আসব এবং আমার অবস্থান ব্যাখ্যা করব।
তবে তিনি যে রাজনীতিতে যোগ দিচ্ছেন এ ব্যাপারে কোনও দ্বিধা প্রকাশ করেননি।
নিকট অতীতের কথা ব্যাখ্যা করে তিনি বলেন, প্রায়ই আমার কাছে অনেকেই প্রশ্ন করেন, আমি এখনও জাতীয় পার্টির সঙ্গে আছি কিনা, খুব শিগগিরই পার্টিতে আমার সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে কিনা, নতুন কোনও রাজনৈতিক দল করছি কিনা, প্রধান দুই জোট কিংবা তুতীয় জোটের সঙ্গে আলোচনা চলছে কিনা? বর্তমান পরিস্থিতির কারণেই আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারছি না।
গত জুনে জামিন পাওয়ার পর শনিবারই প্রথমবারের মতো তিনি জনসম্মুখে আসেন। তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবনের ঘটনা প্রবাহ রাজনৈতিক জীবনকে স্তব্ধ করতে পারেনি, কিছুটা থমকে দিয়েছিল মাত্র। খুব শিগগিরই আমি ফিরে আসব।
বর্তমানে বিদিশার নামে এরশাদের দায়ের করা মোবাইল ফোন চুরি, একই সময়ে দুই স্বামী রাখা এবং চেক প্রত্যাখ্যান মামলা এবং সরকারের দায়ের করা পাসপোর্ট জালিয়াতি ও মানি লন্ডারিং মামলা রয়েছে।
ইফতার পার্টিতে তার সাথে ছিল চার বছরের ছেলে এরিক এরশাদ।
