২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক আদালতে ঈদের আগেই মেজর (অব.) মইনুলের বিচার শেষ হবে

জিয়া হত্যার সন্দেহভাজন আসামি মেজর (অব.) মইনুল ইসলামের বিচারকাজ ঈদ-উল-ফিতরের আগেই কোর্ট মার্শালে শেষ হবে বলে ধারনা করছেন তার পরিবারের সদস্যরা।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মেজর মইনুলের স্ত্রী রওশন আরা বলেন: “হত্যাকান্ডের অভিযোগ থেকে তিনি যে মুক্তি পাবেন সে বিষয়ে আমরা দৃঢ় আশাবাদী। কেননা হত্যাকাণ্ডের প্রাথমিক তালিকায় অভিযুক্ত সেনা কর্মকর্তা হিসেবে তার নাম অন্তর্ভূক্ত ছিল না। এমনকি মামলার চার্জশিটেও তার নাম নেই।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেজর মইনুলের বিচার কার্য পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ১৯৮১ সালে একটি ব্যর্থ সামরিক অভ্যূত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে মেজর (অব) মইনুল ইসলামের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অভিযোগ তদন্তে ইতিমধ্যে সেসময় চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার বক্তব্য নথিভুক্ত করা হয়েছে।

সেনাবাহিনীর হাতে আটক মেজরের পরিবারের এক সদস্য বলেন, আমরা আশা করছি, কোর্ট মার্শাল ঈদের আগেই তার বিচার কাজ সম্পন্ন হবে।

মেজর মইনুলের কয়েকজন আত্নীয় বিডিনিউজকে জানান, জিয়া হত্যাকান্ডের ঘটনায় সেনা কর্তৃপক্ষ তিনজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বক্তব্য ইতোমধ্যে রেকর্ড করেছে। তাদের মধ্যে একজন হলেন ক্যাপ্টেন (অব.) খালেদ, যিনি সেই সময় চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন।

“হ্যাঁ, সামরিক অভূত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হবার পর দিন আমি চট্টগ্রামে মেজর মইনুলকে সাদা পোশাকে দেখেছিলাম। কিন্তু অভূত্থানের সাথে তার সংশ্লিষ্টতা আমি খুঁজে পাই নি,” ক্যাপ্টেন খালেদের বক্তব্য উদ্ধৃত করে মেজর মইনুলের পরিবারের এক সদস্য এ তথ্য জানায়।

মেজর মইনুলের ওই আত্মীয় ক্যাপ্টেন (অব.) খালেদকে উদ্ধৃত করে আরও জানান: “কিছু সেনা কর্মকর্তা মেজর মইনুলকে সামরিক পোশাক পরিধান করতে বলেছিলেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।”

কিন্তু মেজর মইনুলের আত্মীয়টি অপর দু’জন স্বাক্ষীর নাম বলতে পারেননি।

জিয়া হত্যাকান্ডে মেজর মইনুলের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তাদের সাভার সেনানিবাসে মেজর মইনুলর সামনে আনা হয় যাতে তারা মেজর মইনুলকে সনাক্ত করতে পারে এবং অভূত্থানে তার কোন সংশ্লিষ্টতা ছিলো কি না সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারেন।

জিয়াউর রহমানের হত্যাকান্ডের সময় মেজর মইনুল সিলেটের ইনফ্যান্ট্রি স্কুল অব ট্যাকটিস এর প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, মেজর মইনুল ইসলামের সাথে তার স্ত্রী ও একমাত্র কন্যাকে দেখা করার অনুমতি দিয়েছে সেনা কর্তৃপক্ষ।

“মইনুলের স্ত্রী ও কন্যা ইতিমধ্যে তার সাথে কয়েকবার দেখা করেছে। শুক্রবারেও তারা মইনুলের সাথে একত্রে ইফতার করেছে,” নাম না প্রকাশ করার শর্তে সেনা সূত্র এ তথ্য জানায়।

সাবেক রাষ্ট্্রপতি জিয়াউর রহমান হত্যার সাথে জড়িত সন্দেহে গত ২৬ আগস্ট মোহাম্মদপুরের শেখেরটেক থেকে মেজর মইনুলকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। এছাড়া, সামরিক বাহিনী থেকে কোন রকম নোটিশ ছাড়া পালিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অবশ্য র‌্যাব দলটি তাকে জিয়া হত্যায় অভিযুক্ত অপর পলাতক আসামি মেজর মোজাফফর সন্দেহে আটক করেছিলো। পরদিন সেনা কর্তৃপক্ষ আটক ব্যক্তিকে মেজর মইনুল হিসেবে শনাক্ত করে।

১৯৮১ সালে রক্তাক্ত অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে তিনি কানাডার অভিবাসী হন। গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ তিনি ২০০৩ সালে বাংলাদেশে আসেন। সর্বশেষ, একমাত্র মেয়েকে বিয়ে দিতে এসে বাংলাদেশে গ্রেপ্তার হন পলাতক থাকা মেজর মইনুল।

তার আদি বাড়ি পশ্চিম বাংলার হুগলি জেলায়। দেশ বিভাগের সময় ১৯৪৭ সালে তার পরিবার বাংলাদেশে চলে আসে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মেজর মইনুল অংশগ্রহণ করেন। তখন তিনি বরিশাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ভারতের দেরাদুন থেকে যুদ্ধকালীন ৯ অক্টোবর প্রথম ওয়ার কোর্সে কমিশন লাভ করেন।