সার্ক সম্মেলন চলাকালে কারওয়ানবাজার চারদিন বন্ধ থাকবে
আসন্ন ত্রয়োদশ সার্ক সম্মেলন চলাকালে রাজধানীর অন্যতম বৃহৎ কাঁচাবাজার কারওয়ানবাজার চারদিন বন্ধ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ কথা জানায়।
এর আগে দুইবার বাতিল হওয়া এই সম্মেলন আগামী মাসের ১২ থেকে ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের উপস্থিত এক কর্মকর্তা জানান, সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে সার্কের নিরাপত্তা বিষয়ক সাব কমিটির সুপারিশ অনুযায়ী সরকারের নিশ্চিদ্র নিরাপত্তার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সভাপতিত্ব করেন।
পাইকারি বাজার হওয়ার দরুণ প্রতিদিন নগরীর বিভিন্ন অঞ্চলের শ’শ খুচরা বিক্রেতা এবং ক্রেতা সব্জি, চাল, মাছ এবং নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যাদি কিনতে কারওয়ানবাজারে ভীড় জমায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাইকারি বিক্রেতা জানান, কারওয়ানবাজার চারদিন বন্ধ থাকার সিদ্ধান্তে নগরীর খুচরা বিক্রেতারা যারা বহুলাংশে কারওয়ান বাজারের ওপরের নির্ভরশীল তারা অনেক সমস্যা এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী শুধুমাত্র কারওয়ানবাজারই নয়, সার্ক নেতৃবৃন্দের চলাচলের সময় শেরাটন হোটেলের সামনের তিন রাস্তার মোড় থেকে ৩০, হেয়ার রোড পর্যন্ত সকল যানবাহন ও মানুষের চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হবে।
এছাড়া সার্ক নেতৃবৃন্দ যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন সেসময় শেরাটন থেকে জাতীয় সংসদ ভবনে যাওয়ার সড়কে যানবাহন ও মানুষের চলাচলের ওপরও বিধি নিষেধ আরোপ করা হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, পুলিশের আইজি আব্দুল কাইয়ুম এবং র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ও ডিজিএফআই’র মহাপরিচালকগণ উপস্থিত ছিলেন।
