গণতন্ত্রের নামে এখন সংসদীয় স্বৈরতন্ত্র দ্বারা দেশ পরিচালিত হচ্ছে: আওয়ামী লীগের সমিনারে বক্তারা
‘অকার্যকর সংসদ, বিপন্ন গণতন্ত্র’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, গণতন্ত্রের নামে সংসদীয় স্বৈরতন্ত্র দ্বারা এখন দেশ পরিচালিত হচ্ছে।
জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, সংসদের বদলে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী এখন প্রধানমন্ত্রী, তার মন্ত্রীবর্গ এবং স্বজনরা।
তিনি বলেন, সংসদ এখন পরিণত হয়েছে সরকারের গুণগান এবং আওয়ামী লীগের সমালোচনা করার জায়গায়। বিরোধী দলহীন সংসদ পরিণত হয়েছে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা এবং মন্ত্রীদের নির্লজ্জ তোষামোদের জায়গায়।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তুচ্ছ কারণ দেখিয়ে সংসদের স্থায়ী কমিটিগুলোকে উপেক্ষা করে সরকার দেশকে দুর্নীতির স্বর্গে পরিণত করেছে।
তিনি অকার্যকর এ সংসদকে দ্রুত ভেঙ্গে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবি মেনে নিয়ে নতুন করে নির্বাচন দেওয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানান।
তিনি সংসদরে কার্যপ্রণালী বিধিতে এমন একটি ধারা সংযোজনের আহবান জানান, যাতে সরকারী এবং বিরোধী দল উভয় জায়গা থেকেই সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা সম্ভব হয়। তিনি মনে করেন, এর ফলে স্পিকার এবং ডেপুটি স্পিকার নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন।
সেমিনারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান চৌধুরি বলেন, আমরা স্বৈরচারী শাসকের হাত থেকে মুক্তি পেলেও স্বৈরাচারী নীতি থেকে মুক্তি পাইনি। সংসদরে কিছু নীতি এবং ঐতিহ্য ভঙ্গ করায় তিনি স্পিকারের কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে ধারণা নিতে দলের শীর্ষ নেতাদের মাঠ পর্যায়ে যাওয়া উচিত।
আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. এসএ মালেক বলেন, গণতন্ত্রের প্রতি আজ যে হুমকি, তার মোকাবেলায় দেশের সবাইকে এক হতে হবে।
সংসদের বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ এমপি’র সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিরোধী দলীয় হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, দৈনিক যুগান্তর সম্পাদক অবেদ খান এবং অধ্যাপক হারুন-অর-রশীদ।
