২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে চান না বিচারপতি কেএম হাসান

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন না সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান। সংবিধান অনুযায়ী বিচারপতি কেএম হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা। অন্যদিকে তার নিরপেক্ষতা নিয়ে আপত্তি বিরোধী দলগুলোর। আর এ আপত্তিতে সবচে’ বেশি সোচ্চার আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

জয়ন্ত আচার্য,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের মতে, বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এবং এককালে দলে সক্রিয় বিচারপতি কেএম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সেজন্যে বিএনপি দীর্ঘ ষড়যন্ত্রের মাধ্যমে বিচারপতিদের চাকরির বয়সসীমা বাড়িয়ে দিয়েছে।

সবকিছু মিলিয়ে সৃষ্ট বিতর্ক ও জটিলতার কারণেই বিচারপতি কেএম হাসান বিএনপির নীতিনির্ধারকদের এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রধান উপদেষ্টা হতে আর মোটেও আগ্রহী নন। তবে এ সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আওয়ামী লীগ নেতৃত্বের মন জয় করতে চেষ্টা চালিয়েছিলেন। তার বক্তব্য ছিল, তিনি প্রধান উপদেষ্টা হয়ে দেখাতে চান, আসলে তিনি কতটা নিরপেক্ষ। কিন্তু আওয়ামী লীগ তার এ বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে দেয়।

বিচারপতি কেএম হাসানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আইন পেশার সাথে দীর্ঘদিন জড়িত তার পরিবারের সদস্যরা চান না, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বির্তকিত হোন। বিচারপতি কেএম হাসানের সঙ্গে ক্ষমতাসীন দলের সম্পৃক্ততার অভিযোগ তুলে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ইতোমধ্যে তার অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। অবশ্য সংবিধান অনুযায়ী কেএম হাসানেরই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ সম্পর্কে দেশের সংবিধানের ৫৮ গ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হয়েছেন এবং যিনি অনুচ্ছেদ অনুযায়ী উপদেষ্টা হওয়ার যোগ্য তাকে প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। তবে শর্ত থাকে, যদি উক্তরূপে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি পাওয়া না যায় অথবা তিনি প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অক্ষম হন, তাহলে রাষ্ট্রপতি দেশের অব্যবহিত পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন।

সংবিধান অনুযায়ী সদ্য অবসরপ্রাপ্ত প্রধান দু’জন বিচারপতি পালাক্রমে প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অপারগতা প্রকাশ করলে রাষ্ট্রপতি আপীল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকেও প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিতে পারেন। তিনি অপারগতা প্রকাশ করলে রাষ্ট্রপতি সকল দলের সঙ্গে যতদূর সম্ভব আলোচনা করে দেশের বিশিষ্ট একজন নাগরিককে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন। এক্ষেত্রে একটি মহল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ ইউনূসের নাম সামনে নিয়ে আসছে।

অনুসন্ধানে দেখা গেছে, আওয়ামী লীগ কয়েকটি কারণে কেএম হাসানকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিরোধিতা করছে। এগুলো হচ্ছে, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আসামি কর্নেল (অব.) ফারুক কেএম হাসানের নিকট আত্মীয়। এ কারণে কেএম হাসান বঙ্গবন্ধু হত্যা মামলায় বিব্রতবোধ করেছিলেন। কেএম হাসান জিয়ার শাসনামলে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন।

বিএনপি তাকে প্রধান উপদেষ্টা করার জন্যে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা ৬৮ বছরে উত্তীর্ণ করার ব্যাপারে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর ফাইলবন্দি একটি প্রস্তাব সামনে নিয়ে আসে। বিচারপতিদের বয়স দু’বছর বাড়িয়ে সংসদে বিল আনা হয়, যাতে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন বর্তমান সরকার নিদিষ্ট সময়ে পদত্যাগ করলেও স্বপদে বহাল থাকেন। এবং কেএম হাসানই সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে থাকেন।

এছাড়া বিচারপতি কেএম হাসান বঙ্গবন্ধু হত্যার পর রাষ্ট্রপতি পদে শপথ নেয়া তৎকালীন প্রধান বিচারপতি আবু সাদাত মোহম্মদ সায়েমের ভাগ্নে।

এসব কারণে আওয়ামী লীগ তার বিরোধিতা করলেও বিচারপতি হিসেবে কেএম হাসান নিরপেক্ষ, সৎ ও গ্রহণযোগ্য ছিলেন বলে আইনজীবীদের একটি অংশের অভিমত রয়েছে।

সূত্র জানায়, কেএম হাসানকে প্রধান বিচারপতি করার প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সুপারিশে বলা হয়েছিল, প্রধান বিচারপতি নিয়োগের জন্যে বিচারপতি পদের যোগ্যতাসম্পন্ন যে কাউকে রাষ্ট্রপতি বেছে নিতে পারেন। এক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই। কেএম হাসান জাতীয়তাবাদী দলের গঠনের সময় বিভিন্ন ভূমিকা পালন করেছেন।

বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার প্রসঙ্গে বলা হয়েছে, সকলের কাছে গ্রহনযোগ্য নিরপেক্ষ ব্যক্তি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।

এ অবস্থায় আওয়ামী লীগ কেএম হাসানের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে সম্মত হতেন।

তবে তিনি এসব বিষয়ে বিডিনিউজ-এর কাছে কোনও মন্তব্য করতে রাজি হননি।