গোপালগঞ্জে জজের বাসা থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার, গাইবান্ধায় জেএমবি সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসা থেকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আদালত প্রাঙ্গণে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। এদিকে গাইবান্ধা পুলিশ শনিবার রাতে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সকালে জেলা ও দায়রা জজ মুরশীদ আলমের বাসায় কে বা কারা বোমাসদৃশ্য একটি বস্তু ও হাতে লেখা চিঠি ছুঁড়ে মারে। এ ঘটনায় ওই বাসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ বস্তুটি উদ্ধার করে।
এরপর গোটা আদালত এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এর সঙ্গে জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, জেএমবি সদস্য এবং ১৭ আগস্টের হামলায় জড়িত সন্দেহে এমএ কুদ্দুস (৫৫) নামে এক ব্যক্তিকে জেলার কালিবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
বিডিনিউজ নীলফামারি প্রতিনিধি জানান, ডিমলা পুলিশের গাফিলতির কারণে পাঁচ সক্রিয় জেএমবি সদস্য গ্রেফতার এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
চিঠি দিয়ে হুমকি প্রদানকারী এই জেএমবি সদস্যদের সম্পর্কে উপজেলার পশ্চিমছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের মানুষ পুলিশকে জানালেও পুলিশ যথাসময়ে অভিযান চালাতে না পারায় তারা সটকে পড়ে।
সংশ্লিস্ট সূত্র জানিয়েছে, ওই গ্রামের আলমগীর হোসেন, রুহুল আমিন, আবদুল মান্নান এবং ছাতনাই জামে মসজিদের পেশ ইমাম মুজাহেদুল হক নিজেদের জেএমবি সদস্য দাবি করে একই গ্রামের আবদুস সালামকে একটি চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে অনৈসলামিক কাজ থেকে বিরত থাকার কথা বলে বোমা মেরে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় আবদুস সালাম শনিবার রাতে ডিমলা থানায় একটি জিডি করে। কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে রাত ১টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করতে যায়। কিন্তু আগেই খবর পেয়ে পাঁচ জঙ্গি এলাকা ছেড়ে পালিয়ে যায়।
