২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ সঙ্কটের কারণে পরবর্তী নির্বাচনে পরাজয়ের আশংকা করছেন বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ

নিত্য প্রয়োজনীয় জিসিপত্রের মূল্যবৃদ্ধি রোধ এবং নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ এ ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

অন্যথায় ২০০৭ সালের সাধারণ নির্বাচনে বিএনপি হেরে যেতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ভবনে ক্ষমতাসীন বিএনপি আয়োজিত ‘নির্বাচনপূর্ব আলোচনা ও ইফতার’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন শনিবার তারা এ আশংকা প্রকাশ করেন।

পঞ্চগড় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএ হাসান প্রধান বলেন, গত চার বছরে অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারায় সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, জনগণ আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি বা লাখ লাখ ডলার বিনিয়োগের কথা বোঝে না, তারা স্বল্পমূল্যে জিনিসপত্র পেতে চায়।

এ সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনার জন্যে তিনি দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

একই কথা উল্লেখ করে আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মুনসুর মিশন বলেন, এ কারণে আমাদের তৃণমূল পর্যায়ের ভোটার ও আওয়ামী লীগের সমালোচনার মুখে পড়তে হবে।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশের ব্যাপক উন্নয়ন করা সত্ত্বেও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না রাখতে পারলে আগামীতে আমরা ক্ষমতায় আসতে পারব না।

তিনিও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তইমুর রহমানও একই বিষয় উল্লেখ করে বলেন, এ দু’টি ক্ষেত্রে ব্যর্থতার কারণে সরকারের সকল সাফল্য মুছে যাচ্ছে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম বলেন, এ দু’টি ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় বিএনপি সরকার দুর্নামের শিকার হচ্ছে।

তবে তৃণমূল নেতৃবৃন্দের এ অভিযোগ অস্বীকার করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, মিডিয়া জনগণের মাছে এ ধরনের আতংক সৃষ্টি করছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বৃদ্ধি পেয়েছে। আর এর সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে আমাদেরকেও দাম বাড়াতে হয়েছে। তবে তাতে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে তিনি স্বীকার করেন।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, সাময়িকভাবে জিনিসপত্রের দাম বেড়েছে। তবে এ অবস্থা দীর্ঘদিন থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং তা জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকার আন্তরিক।

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব তারেক রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়ন নেতা এমকে আনোয়ার, ড. খন্দকার মোশাররফ হোসেন, বরকত উল্লাহ বুলু, জিয়াউল হক জিয়া প্রমুখ।

সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের প্রায় ১,৪০৮টি থানা, পৌরসভা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন। রোবারের অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের নেতৃবৃন্দ।