চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বোমা হামালায় জড়িত ২ জেএমবি সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে ১৭ আগস্ট বোমা হামলায় জড়িত সন্দেহে নিষিদ্ধ জেএমবি’র (জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ) দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, নাচোল উপজেলার খুরশেদপুর থেকে জেএমবি সদস্য আলী আকবর (১৮)কে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃত আলী আকবর নিউ মার্কেটে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে আলী আকবর আরও স্বীকার করে, চাঁপাইনবাবগঞ্জের প্রফেসর পাড়ার জেএমবি’র একটি আস্তানা থেকে সে রাজশাহীর তানোরের চাঁদপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ে যায়। এই বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রসহ জেএমবি’র জেলা কমান্ডার শহীদুল্লাহ আল ফারুক এবং তার সহযোগী আবুল কাশেম তুফান পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
শহীদুল্লাহ’র দেওয়া তথ্যের সূত্র ধরে আলী আকবরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সে নাচোল রেল স্টেশন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
এদিকে শনিবার জেএমবি’র জেলা কমান্ডার শহীদুল্লাহ ও আবুল কাশেম তুফান প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা চাঁপাইনবাবগঞ্জে বোমা হামলার সঙ্গে কে কে জড়িত ছিল এবং কে কোথায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানিয়েছে।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, বোয়ালিয়া থানা পুলিশ শুক্রবার মধ্যরাতে জঙ্গি সন্দেহে লতিফুল কবীর আনোয়ার নামে এক হোমিও চিকিৎসককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি থেকে জেহাদি বই-পুস্তক ও আহলে হাদীস আন্দোলনের কাগজপত্র উদ্ধার করা হয়।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, গ্রেপ্তারকৃত জেএমবি নেতা শহীদুল্লাহ ওরফে লোকমান শনিবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে আটটি স্থানে বোমা হামলায় জড়িতদের নাম প্রকাশ করেছে।
শহীদুল্লাহ জানায়, সোনাডাঙ্গা বাস টার্মিনালে মাহফুজ, নিউমার্কেটে ফিরোজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে মিন্টু, বিএল কলেজে আরিফ, দৌলতপুর পুরাতন হাসপাতাল রোডে মুসা, জেলা জজ আদালতের মসজিদ চত্বরে এবং এজি অফিস চত্বরে হাফেজ মাহমুদ ও সিএমএম কোর্টে শহীদুল্লাহ নিজে বোমা হামলা চালায়।
