২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ কাদেরের মৃত্যুতে শেখ হাসিনার শোক, বাসভবনে গিয়ে সমবেদনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামা ও বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ম্যানেজার শেখ গোলাম কাদের (বাকা) বুধবার রাতে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি মাতা, স্ত্রী, এক কন্যা, তিন ভাই ও তিন বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ হাসিনা শেখ কাদেরের মৃত্যু সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে মরহুমের বাসভবনে যান। তিনি শোকাহত পরিবার পরিজনের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তাদের সান্ত¡না দেন।

শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন।

এদিকে মরহুমের নামাজে জানাজা তার ভগ্নিপতি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর ইস্কাটনের বাসভবনে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম এমপি এবং শেখ কবির হোসেন, জাতীয় পার্টি নেতা শেখ শহিদুল ইসলাম, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়ায় পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।