২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ৮ জেএমবি সদস্যের নামে গ্রেপ্তারি পরোয়ানা, বোমার সরঞ্জাম উদ্ধার

দেশব্যাপী ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ও জেএমবি’র (জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ) সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার নয়জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া পলাতক আটজন জেএমবি সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এদিকে রাজশাহী সদরের বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকায় বাংলা ভাইয়ের ক্যাডারদের আস্তানা হিসেবে কথিত একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, জেএমবির সাংগঠনিক কাগজপত্র এবং বইপুস্তক উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তারকৃত ও চার্জশিটভুক্ত ২১ জঙ্গিকে আদালতে হাজির করা হয়। এদের বিরুদ্ধে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ এনে ৩ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেছিল পুলিশ। শুনানির পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক নয়জনকে অব্যাহতি প্রদান করেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলো, সদর উপজেলার মিতনা গ্রামের আবদুস সামাদের পুত্র মাহবুবুর রহমান, হরিপুর পূর্ব পাড়ার নঈমুদ্দিনের পুত্র হাজিম, কুমারী মামুদপুর গ্রামের আবুল কালাম আজাদের পুত্র মিজানুর রহমান, কয়রা গ্রামের মুনসুর আলীর পুত্র মোশারফ হোসেন, শহরের ধানমুণ্ডি এলাকার আবদুর রশিদের পুত্র রাসেদুল হাসান, প্রফেসর পাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র আবুল ফজল এহসান হাবিব, ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের হাকীম মোজাম্মেল হকের পুত্র জিয়াউল হক, একই গ্রামের সোলায়মান আলীর পুত্র ইসাহাক আলী এবং বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চকদুলাহার গ্রামের আবদুল মজিদের পুত্র মেহেদী হাসান।

এদিকে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

পলাতক আসামিরা হলো, শহরের আরামনগরের আবদুস শুকুরের পুত্র শিকটা দাখিল মাদ্রাসার সুপার হাফিজার হাসান, বানিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র তুহিন, দড়িপড়া গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র মেহেদী হাসান, বানিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র গোলাম মোস্তফা, পলিকাদোয়া গ্রামের আবদুর করিমের পুত্র মুনসুর রহমান এবং মালেক ফকিরের পুত্র রউফ, ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামের মৃত আনছার আলীর পুত্র লিখন এবং উত্তরপুর মহেশপুর গ্রামের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ও জেএমবি’র আঞ্চলিক কমান্ডার মনতেজার রহমান।

বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, জেএমবির সাংগঠনিক কাগজপত্র এবং বইপুস্তক উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জামের সাথে ১৭ আগস্টের বোমার সরঞ্জামের মিল রয়েছে।

পুলিশ জানায়, ইতোপূর্বে তানোরে গ্রেপ্তারকৃত জঙ্গি তুফান ও শহিদুল এবং নাটোরে গ্রেপ্তারকৃত হাসিবের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

রিমান্ডে আটক হাসিব পুলিশকে জানায়, বালিয়াপুকুরের ওই বাড়িতে গত প্রায় দু’বছর ধরে জেমএমবি’র তৎরপতা চলে আসছিলো। রাজশাহী এলাকায় জেএমবির কার্যক্রমও এ বাড়ি থেকে পরিচালিত হতো। বাংলা ভাইসহ বিভিন্ন শীর্ষ নেতাও এ বাড়িত আসতো বলে হাসিব পুলিশকে জানায়। বিপ্লব (৩০) নামে এক জেএমবি ক্যাডার দীর্ঘদিন ধরে এ বাড়িতে বসবাস করতো বলে এলাকাবাসী জানিয়েছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, গোপালগঞ্জে ধৃত জঙ্গি আনিসুজ্জামান ফকির (২৭) ১৭ আগস্ট বাগেরহাট শহরের মিঠা পুকুর পাড়ে বোমা বিস্ফোরণের কথা স্বীকার করেছে। সোমবার সন্ধ্যায় কঠোর গোপনীয়তার মধ্যে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আনিস আদালতকে জানায়, সাব্বির নামে এক ব্যক্তির মাধ্যমে মোল্লাহাটের উত্তরকান্দি গ্রামের জিল্লুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত সভা থেকে সেসহ অপর ছয় ব্যক্তিকে বোমাগুলো স্থাপনের জন্যে দেওয়া হয়।

জবানবন্দিতে সে অপর ছয় হামলাকারীর নাম প্রকাশ করেছে।

১৭ আগস্ট বাগেরহাট শহরের মিঠা পুকুর পাড়ের একটি নির্মাণাধীন ভবনসহ মোট সাতটি স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

আনিস আদালতকে আরো জানায়, সে আহলে হাদিস সম্প্রদায় ও জেএমবি’র বিভিন্ন ধর্মীয় অনুপ্রেরণামূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে এ কাজে অংশ নেয়। তবে এ ঘটনার গভীরতা সম্পর্কে তার কোনও ধারণা ছিলো না।

গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট গোয়েন্দা পুলিশ আনিসকে রোববার গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে। সে গোপালগঞ্জের চর গোবরা গ্রামের আসাদুজ্জামানের পুত্র।