২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিথ্যাচার’র জন্যে নিজামীর কঠোর সমালোচনায় অধ্যাপক আবু সাইয়িদ

আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ সাম্প্রতিক সময়ে সারা দেশে সিরিজ বোমা হামলা নিয়ে জামাত-ই-ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বক্তব্যকে মিথ্যাচার হিসেবে অভিহিত করে কঠোর সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সংবাদমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদের উল্লেখ করে তিনি দেশে ও বিদেশে জঙ্গি তৎপরতা ও প্রশিক্ষণের জন্য ক্ষমতাসীন সরকারের অংশীদার জামাতকে অভিযুক্ত করেন।

রোববার এক বিবৃতিতে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নিজামীর বক্তব্যের সমালোচনা করে বলেন, জামাতই পরিকল্পিতভাবে প্রতিদিন বাংলাদেশকে ঘায়েল করছে। তাদের প্রধান লক্ষ্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ধ্বংস করা।

আওয়ামী লীগসহ ১৪ দল সাম্প্রতিক বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে জামাতকে দায়ী করায় নিজামী ‘জামাতকে ঘায়েল করার উদ্দেশ্যে বোমা হামলা করা হচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন।

সাইয়িদ বলেন, সিরিজ বোমা হামলায় গ্রেপ্তারকৃত জঙ্গিদের ৪০ শতাংশই জামাত-শিবিরের সমর্থক। পত্রিকায় প্রকাশিত এ খবর নিজামী অস্বীকার করতে পারবেন না।

তিনি উদাহরণ দিয়ে বলেন, মুফতি হান্নান ও তার ছোট ভাই গোপালগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলো। এছাড়া ২০০৪ সালে জয়পুরহাট, দিনাজপুর এবং গাইবান্ধায় আটক ৩৫ জঙ্গির ২৯ জনই নিজেদের জামাত কর্মী হিসেবে পরিচয় দিয়ে বলেছিলো যে দলের নেতাদের অনুমতি নিয়েই তারা জঙ্গিবাদী সংগঠন জেএমবি-তে যোগ দিয়েছে।

সেই সাথে অধ্যাপক সাইয়িদ আরো বলেন, ১৯৯৭ সালে নয়াদিল্লীতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত স্বীকার করেছিলেন যে আফগানিস্তানের কান্দাহারে ২০০ জন জামাত কর্মী সামরিক ও বিষ্ফোরক প্রশিক্ষণ নিয়েছে।

বিবৃতিতে তিনি দেশের স্বার্থ বিরোধী জামাতের ষড়যন্ত্র প্রতিরোধের জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান।