২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর দেওয়া ১০০ দিনের কর্মসূচি ১৪৬০ দিনেও বাস্তবায়িত হয়নি

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দায়িত্ব গ্রহণের পর ২০০১ সালের ১৯ অক্টোবর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ঘোষিত একশ দিনের কর্মসূচি গত চার বছর, অর্থাৎ ১৪৬০ (চৌদ্দশ’ ষাট) দিনেও বাস্তবায়িত হয়নি। অনুসন্ধানে দেখা গেছে, ঘোষিত একশ দিনের ২৬টি কর্মসূচির মধ্যে মাত্র পাঁচটি আংশিক পূরণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

জয়ন্ত আচার্য,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 04:39 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে ১৯৯৬ সালের শেয়ার মার্কেট কেলেঙ্কারির কারণ উৎঘাটন ও দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করা হয়। বাস্তবে চার বছরেও এ তদন্তের কাজ শেষ হয়নি। দোষীদের চিহ্নিত করা হয়নি। আওয়ামী লীগ আমলের বোমা হামলার জন্যে বিচার বিভাগীয় তদন্ত আজও শুরু হয়নি। পাড়া মহল্লায় গড়ে ওঠেনি বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক কমিটি। প্রধান জেলা শহরগুলোতে কম্পিউটার নেটওর্য়াকিং গড়ে তোলার লক্ষ্যে সাইবার ক্লাব স্থাপনের উদ্যোগ আজও নেয়া হয়নি।

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোট দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের পর ২০০১ সালের ১০ অক্টোবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ গ্রহণের আট দিন পর ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন।

দীর্ঘ ৪০ মিনিটের এ ভাষণে তিনি বিগত আওয়ামী লীগ আমলে অনেক দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি হয়েছে বলে উল্লেখ করেন এবং আওয়ামী লীগ আমলে সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তি ও গঙ্গার পানি বণ্টন চুক্তির সমালোচনা করেন। সেইসাথে তিনি একশ দিনের একটি কর্মসূচি ঘোষণা করেন।

রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, আমি চাই আমার মন্ত্রিসভার সকল সদস্যই সততা, কর্মদক্ষতা ও গতিশীলতার প্রমাণ দেবেন। মন্ত্রীত্ব পাঁচ বছর মেয়াদের কোনও চাকরি নয়। পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলোতে মন্ত্রিসভার রদবদল হয়। আমাদের মন্ত্রিসভাতে তাই হবে।

কার্যত প্রধানমন্ত্রী তা করেননি। স্বাধীনতা-উত্তর প্রথম বিশাল মন্ত্রিসভায় দু’বার নামমাত্র রদবদল হয়েছে। বর্তমানে মন্ত্রীসভায় ৫০ জন মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন। এর মধ্যে ২৩ জন পূর্ণমন্ত্রী, ২২ জন প্রতিমন্ত্রী এবং চার জন উপমন্ত্রী। একজন রয়েছেন দপ্তরবিহীন পূর্ণমন্ত্রী। অনুসন্ধানে দেখা গেছে, এ মন্ত্রিসভার এক ডজন মন্ত্রীর কার্যত কোনও কাজ নেই। যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, নৌ-পরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেনের (অব.) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসার পরও তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হয়নি। বরং সংসদীয় কমিটিকেও সরকার প্রভাবিত করে তদন্ত গতিহীন করে ফেলছে। তবে নাইকোর গাড়ি কেলেঙ্ককারিতে জড়িয়ে পড়ায় জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে মন্ত্রীত্ব হারাতে হয়েছে।

ক্ষমতার নানামুখী টানাপোড়েনে মন্ত্রিসভা এখন কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রায় প্রতিটি মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রীর দ্বন্দ্ব লেগে আছে। মন্ত্রীদের চলছে শুধু রুটিং ওয়ার্ক। অন্যদিকে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের দু’দফা বেতন-ভাতা বেড়েছে। হিসাবে দেখা গেছে, মন্ত্রিসভার পেছনে বছরে ৮২ কোটি টাকা খরচ হচ্ছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেছিলেন, বিরোধী দলের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে সংসদ যাতে প্রাণবন্ত ও অর্থবহ হয়, সে পরিবেশ নিশ্চিত করা হবে। অথচ গত চার বছরে সংসদ কখনই কার্যকর হয়নি। প্রধান বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে কোনও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। সংসদের কার্যক্রমের ওপর ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনিটরিং করছে। তাদের তথ্য অনুসারে বাজেট অধিবেশন ছাড়া অষ্টম জাতীয় সংসদের প্রতিটি অধিবেশন নিয়ম রক্ষার জন্যে বসেছে। প্রতিটি অধিবেশনে হয়েছে কোরাম সংকট। বিরোধী দলের অনুপস্থিতিতে সরকারী দলের সাংসদরা ব্যস্ত থেকেছে দলীয় নেত্রীর প্রশংসা করতে এবং বিরোধী দলকে লাগামহীন সমালোচনা করতে। অথচ এক মিনিট সংসদ পরিচালনা করতে খরচ হয় পনের হাজার টাকা।

প্রধানমন্ত্রীর ঘোষিত একশ দিনের কর্মসূচিতে দুর্নীতি প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নেয়ার অঙ্গীকার করা হয়। দুর্নীতিবাজদের চিহ্নিতকরণ এবং তাদের বিচারের কাজ শুরুর ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। এ কর্মসূচি

বাস্তবায়ন করতে গিয়ে বিরোধী দলের সাবেক মন্ত্রী, সাংসদদের বিরুদ্ধে ঢালাও দুর্নীতির মামলা দেওয়া হয়। অপরদিকে জোটের মন্ত্রী, এমপিদের ওপর থেকে বিগত আমলের দুর্নীতির মামলাগুলো তুলে নেয়া হয়েছে কিংবা সরকার পরিকল্পিতভাবে মামলাগুলোকে অকার্যকর করে রেখেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন স্থবির হয়ে পড়ায় এ মামলাগুলো আরো মন্থর হয়ে পড়ছে।

প্রধানমন্ত্রী তার কর্মসূচিতে বিনাবিচারে আটক ব্যক্তি ও রাজবন্দীদের মুক্তির আইনী প্রক্রিয়া চালু করার ঘোষণা দেন। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের কারাগারগুলোতে বিনাবিচারে এখনও কয়েক হাজার ব্যক্তি আটক রয়েছে। তাদের মুক্তির জন্যে সরকারের তরফ থেকে কোনও উদ্যোগ নেই। বরং রাজবন্দীর নামে বিএনপি সমর্থক সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে। বিরোধী দল দাবি করছে, জোট সরকার ক্ষমতায় আসার পর এক লাখ সন্ত্রাসীকে দলীয় পরিচয়ে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ আমলে ৯৯ সালের ৭ মার্চ যশোর উদীচীর সম্মেলনে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। এরপর পালাক্রমে আহমদিয়া মসজিদে বোমা হামলা, কোটালীপাড়া হেলিপ্যাডে বোমা পুঁতে রাখা, পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা, রমনা বটমূলে পয়লা বৈশাখে বোমা বিস্ফোরণ, বানিয়াচরের চার্চে টাইম বোমা বিস্ফোরণ হয়। খালেদা জিয়া তার একশ দিনের কর্মসূচিতে এসব বোমা হামলার বিচার বিভাগীয় তদন্ত শুরুর ঘোষণা দেন। অথচ একশ দিনের সময়ের মধ্যেই উদীচীর বোমা বিস্ফোরণে অভিযুক্ত আসামি বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামকে তদন্ত ছাড়াই অব্যাহতি দেওয়া হয়। কোটালিপাড়ায় বোমা পুঁতে রাখায় অভিযুক্ত আসামি মুফতি হান্নানকে জামিন দেওয়া হয়েছে। এদিকে জোট সরকার রমনা বটমূলের বোমা বিস্ফোরণের জন্যে পুনঃতদন্তের নির্দেশ দেয়। তবে চার বছরেও এ তদন্তের অগ্রগতি নেই।

প্রধানমন্ত্রী তার একশ দিনের কর্মসূচিতে ছয়টি বিভাগীয় শহরে ল্যাংগুয়েজ ল্যাবরেটরি স্থাপনের ঘোষণা দেন। এসব ল্যাংগুয়েজ ল্যাবরেটরিতে চিনা, জাপানি, ফরাসি, জার্মান, আরবি ও ইংরেজি ভাষার কোর্স চালুর ওপর তিনি গুরুত্ব দেন। অথচ গত চার বছরে এ কর্মসূচি বাস্তবায়িত হয়নি। অঙ্গীকার অনুযায়ী খোলা হয়নি সরকারি ড্রাইভিং স্কুল, অ্যাডভান্স ড্রাইভার্স ইন্সটিটিউট, দুর্ঘটনা গবেষণা কেন্দ্র। দেশের প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা শিক্ষার জন্যে নতুন উদ্যোগ নেয়া হয়নি।

তবে প্রধানমন্ত্রীর ঘোষিত কয়েকটি কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে পালিত হয়েছে। ঘোষণা অনুযায়ী জোটভুক্ত দলগুলো ভোটারদের জন্যে ধন্যবাদ দিবস পালন করেছে। ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে একটি কমিটি গঠিত হয়। আর্সেনিক বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী গার্মেন্টসের কোটা ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির জন্যে দু’টি উচ্চ পর্যায়ের কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ইউরোপ ও আমেরিকা ঘুরে এসেছে। তবে তাদের এ সফর কার্যত কোনও ফল বয়ে আনতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষিত একশ দিনের কর্মসূচির কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার পরিবীক্ষণ ব্যবস্থা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেয়া হয়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র দাবি করছে, একশ দিনের কর্মসূচি বাস্তবায়নে সরকার ও প্রধানমন্ত্রী আন্তরিক ছিলেন।

প্রধানমন্ত্রীর ঘোষিত একশ দিনের কর্মসূচি সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রী শুধু একশ দিনের কর্মসূচিই নয়, সকল ওয়াদারই খেলাপ করেছেন। এ সরকারতো মিথ্যা কথা বলে দেশ চালাচ্ছে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি দেশকে দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্ত্রাস, মৌলবাদ আর দলীয়করণ উপহার দিয়েছেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর একশ দিনের কর্মসূচি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী সস্তা জনপ্রিয়তা এবং প্রতিকূল পরিবেশে সহানুভূতি পেতেই এ ধরনের কর্মসূচী ঘোষণা করেছিলেন। আমরা তখনই বলেছি, এ কর্মসূচি জোট সরকার বাস্তবায়ন করবে না। এখনতো জোট সরকার ওয়াদা বরখেলাপের সরকারে পরিণত হয়েছে।

কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বর্তমান লুটেরা শাসক শ্রেণীর চরিত্রই এমন। তারা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করে। প্রতিশ্রুতি ভঙ্গ এসরকারই শুধু করছেনা, বিগত সরকারও করেছে। আসলে প্রধানমন্ত্রীর একশ দিনের ভাষণ ছিল রাজনৈতিক প্রতারণা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ জিএম কাদের প্রধানমন্ত্রীর একশ দিনের কর্মসূচি প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী তার প্রথম ভাষণে সংসদকে কার্যকর করে তোলার অঙ্গীকার করেছিলেন, অথচ তিনি নিজেই সংসদকে অকার্যকর করতে সর্বাত্মক চেষ্টা করছেন। প্রভাব খাটিয়ে সংসদীয় সাব কমিটির কার্যক্রম বন্ধ করে রেখেছেন। সারা দেশে ১৭ আগস্টের ভয়াবহ বোমা হামলার পরও প্রধানমন্ত্রী বোমা নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ নিলেন না। অথচ আমি বিষয়টি উত্থাপনও করেছিলাম। আমি বলবো, প্রধানমন্ত্রী নিজেইতো সংসদ কার্যকর করতে চান না।

প্রধানমন্ত্রীর একশ দিনের কর্মসূচি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ মোজাফফর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী জনগণকে ওয়াদা দিয়েছিলেন, সে ওয়াদা পালিত হচ্ছে কি-না, তা দেখার দায়িত্বও তার। যদি কোনও মন্ত্রী কর্মসূচির অর্পিত দায়িত্ব পালন না করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার কর্মদক্ষতা অনুসারে রদ-বদলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি নিজেইতো তা পালন করলেন না। একারণে তাকে আগামীতে জনগণের কাছে জবাব দিতে হবে।