২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সার্ক শীর্ষ সম্মেলনে মনমোহনের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশটির গোয়েন্দা সংস্থাগুলো আসন্ন সার্ক সম্মেলনের সময় ঢাকায় নিরাপত্তা ক্যাম্প স্থাপনের চিন্তা ভাবনা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

নভেম্বরে অনুষ্ঠেয় এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর যোগদানকে কেন্দ্র করে কয়েক সপ্তাহের জন্যে এ ক্যাম্প স্থাপন করা হতে পারে।

বুধবার ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া জানায়, বাংলাদেশের তিনটি জেলায় সোমবার বোমা হামলার ঘটনা পর ভারতীয় প্রশাসন সতর্ক হয়ে ওঠে। প্রস্তাব ওঠে মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর সংক্ষিপ্ত করার।।

পত্রিকাটি জানায়, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করতে মনমোহন সিং দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি সার্ক সম্মেলন শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে।

ভারতীয় জঙ্গি গ্রুপ উলফা ও এটিটিএফ মনমোহনকে হুমকি দিয়ে আসছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশেও এসব সংগঠনের কর্মকাণ্ড রয়েছে। এ কারণে ভারতীয় প্রশাসন মনমোহনের নিরপত্তার ব্যাপারে বেশ উদ্বিগ্ন।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে জঙ্গি তালিকার শীর্ষে রয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। বাংলাদেশে আসার পর মনমোহন সিংয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তাব করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

২০০৪ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের মতো তাকে বুলেট প্রুফ গাড়ি ব্যবহারেরও প্রস্তাব দেয়া হয়।

নিরাপত্তার ব্যাপার নিয়ে আলোচনার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের সাথে যোগাযোগ আরও জোরদার করেছে।

এদিকে ভারতের শীর্ষ স্থানীয় দৈনিক আনন্দবাজার দুই বার স্থগিত হয়ে যাওয়ার পর নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে প্রশ্ন তুলেছে।

ঢাকা সফরের সময় মনমোহন সিংয়ের ওপর হামলা হতে পারে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বারবার সতর্ক করে দিচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন উদ্ধৃত করে আনন্দবাজার জানায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমকে নারায়ণ স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা বারবার বোমা হামলার পরও মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর করা ঠিক হবে না বলে মত প্রকাশ করে।

তবে প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্র উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেও ঢাকা সফর বাতিল করতে চাচ্ছেন না।