বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর: শুভেচ্ছা বার্তা বিনিময়
চীন ও বাংলাদেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ বছর পূর্তি উপলক্ষে দু’ দেশের প্রেসিডেন্ট শুভেচ্ছা বিনিময় করেছেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় হু জিনতাও বলেন, পারস্পরিক রাজনৈতিক আস্থা এবং অর্থনৈতিক কল্যানের মধ্য দিয়ে গত তিন দশকে সবদিক থেকেই বাংলাদেশের উন্নয়ন ঘটেছে।
তিনি বলেন, ভিন্ন সামাজিক পদ্ধতি ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের একটি দেশ হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত তৈরি করেছে।
হু জিনতাও বলেন, দু’দেশের ঐতিহ্যবাহী এ বন্ধুত্বকে নিবিড়তর করতে চীনের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণের সাথে একত্রে কাজ করতে প্রস্তুত রয়েছে।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তার শুভেচ্ছা বার্তায় বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদী।
দু’দেশের জনগণের স্বার্থে এবং এ অঞ্চলের তথা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে এ সম্পর্ক জোরদার হবে বলে তিনি উল্লেখ করেন।
